টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের এক কোটি পরিবারকে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার উদ্যোগটি যেমন জরুরি ছিল, তেমনি প্রশংসনীয়ও। এর মাধ্যমে প্রতিটি পরিবারে পাঁচজন সদস্য ধরলেও পাঁচ কোটি মানুষ সরাসরি উপকৃত হওয়ার কথা। কিন্তু চলতি বছরের মার্চ-এপ্রিলে এ কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এ নিয়ে অনিয়ম, অব্যবস্থা, স্বজনপ্রীতি ও দুর্নীতির গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত এক গবেষণা জরিপে ফ্যামিলি কার্ড নিয়ে যেসব তথ্য উঠে এসেছে, তা খুবই উদ্বেগজনক। ৩৫টি জেলার ১ হাজার ৪৭ জন উপকারভোগী জরিপে অংশ নেন। এটাকে প্রতিনিধিত্বশীল হিসেবে ধরে নেওয়া যায়। করোনাকালে সরকার যে ৩৮ লাখ ৫০ হাজার পরিবারকে ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দিয়েছিল, এর সঙ্গে আরও ৬১ লাখ উপকারভোগীকে যুক্ত করে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এখানে টিআইবির জরিপ অনুযায়ী যদি আগের তালিকার ৩৯ শতাংশ বাদ পড়ে থাকে, তা খুবই চিন্তার বিষয়।
প্রত্যেক ফ্যামিলি কার্ডধারীকে মাসে দুবার ছোলা, ডাল, পেঁয়াজ ও তেলের মধ্যে তিন-চারটি পণ্য দেওয়া হয়। খোলাবাজারে এর দাম ১ হাজার ৫৭০ টাকা হলেও তাঁদের কাছ থেকে নেওয়া হয় যথাক্রমে ৪৬০ ও ৫৬০ টাকা। প্রতি কার্ডে সরকারের ভর্তুকি ৫৫০ টাকা। তবে ফ্যামিলি কার্ডধারী এমন ব্যক্তিও আছেন, যাঁরা টাকার অভাবে নির্ধারিত পণ্য কিনতে পারছেন না। আবার অনেকে সব পণ্য নিতেও আগ্রহ দেখান না। সরকার গড় আয় বৃদ্ধির যে পরিসংখ্যানই দেখাক না কেন, এ তথ্য দেশে দারিদ্র্য পরিস্থিতির ভয়াবহতাই প্রমাণ করে।
টিআইবির জরিপে আরও উঠে এসেছে, ফ্যামিলি কার্ডের পণ্য কিনতে ১৩ দশমিক ৭ শতাংশ উপকারভোগী দুর্নীতি ও অনিয়মের শিকার হন। কিছু ক্ষেত্রে ডিলার নির্ধারিত দামের চেয়ে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে থাকেন। মাপে কম দেওয়া, নষ্ট বা নিম্নমানের পণ্য দেওয়া, পণ্য নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার অভিযোগও তো আছেই। এ ছাড়া পণ্য আনতে যাতায়াত ভাড়াও গুনতে হয়, যা দেওয়ার সামর্থ্য অনেকের নেই।
ফ্যামিলি কার্ড তৈরিতে স্থানীয় জনপ্রতিনিধিরাই মুখ্য ভূমিকা পালন করে থাকেন; যাঁদের ৯০ শতাংশ ক্ষমতাসীন দলের। প্রকৃত গরিবদের কার্ড না দিয়ে যদি অপেক্ষাকৃত সচ্ছল পরিবার ও নিজেদের আত্মীয়স্বজনকে কার্ড দেওয়া হয়, সেটা খুবই দুর্ভাগ্যজনক। তাহলে স্বচ্ছতা ও জবাবদিহি কোথায়?
সরকারের যেকোনো সেবা কর্মসূচির অনিয়ম ও দুর্নীতির খবর ফাঁস হলে নীতিনির্ধারকেরা শোরগোল তোলেন এবং এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খুঁজতে থাকেন। আশা করি, গরিব মানুষকে খাইয়ে বাঁচানোর এ কর্মসূচি নিয়ে তাঁরা তা করবেন না।
তালিকার বিষয়ে টিআইবি ওয়ার্ড সভার মাধ্যমে স্থানীয় জনগণের মতামত নেওয়ার যে সুপারিশ করেছে, তা বাস্তবায়ন করা হোক। প্রতিটি প্রকৃত গরিব ও প্রান্তিক পরিবার যাতে স্বল্প দামে প্রয়োজনীয় পণ্য পায়, সে ব্যবস্থা করুন। প্রয়োজনে কার্ডের সংখ্যা বাড়াতে হবে। ডিলারসহ এ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।