সম্পাদকীয়
সম্পাদকীয়

সুপেয় পানির পুকুর ইজারা

অনিয়মে জড়িতদের কি শাস্তি হবে না

সরকার জনকল্যাণে প্রান্তিক অঞ্চলে নানা প্রকল্প গ্রহণ করে থাকে। অনেক সময় তদারকি কর্তৃপক্ষের অবহেলা বা অনিয়মের কারণে সেসব প্রকল্প মুখ থুবড়ে পড়ে। তেমনটিই আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সুপেয় পানির আধার হিসেবে ২৬টি পুকুর পুনঃখনন প্রকল্পের ক্ষেত্রে। প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগে নেওয়া সেই প্রকল্পে উপজেলা পরিষদ এমন অনিয়ম করেছে যে তা রীতিমতো কল্পনাতীত।

শুকনো মৌসুমে বরেন্দ্র এলাকায় পানিসংকটের কথা কারও অজানা নয়। এ সময় গভীর নলকূপ দিয়েও পানি ওঠে না। ফলে সুপেয় পানির চরম অভাব দেখা দেয়। গোবিন্দগঞ্জে পানির স্তর আরও বেশি নিচে নেমে যায় বলে সেখানে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এসব পুকুর পুনঃখনন করা হয়। পুকুরগুলোর পানি পরিশোধনের মাধ্যমে পানের উপযোগী করতে সুন্দর ফিল্টারিং ব্যবস্থাও তৈরি করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেই প্রকল্প বাস্তবায়ন করে পুকুরগুলো জেলা পরিষদের কাছে বুঝিয়ে দেয়। তারা পুকুরগুলোর সামনে সাইনবোর্ডে এমন নির্দেশনাও লিখে দেয়, এসব পুকুরে গোসল করা, কাপড় কাচা, হাত-পা ধোয়া ও মাছ চাষ করা সম্পূর্ণ নিষেধ। কিন্তু অবৈধভাবে সব পুকুরই মাছ চাষের জন্য ইজারা দিয়ে দেওয়া হয়েছে।

আবার প্রতিটি পুকুর ইজারা নিতে যে টাকা নেওয়া হয়েছে, তার কোনো রসিদও দেওয়া হয়নি ইজারাদারদের। এমনকি রসিদ ছাড়া বাড়তি বা দ্বিগুণ টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে। পুকুর নিয়ে এ কেমন পুকুরচুরি!

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের ভাষ্য, ইজারাদারেরা কাউকেই পুকুরের পানি নিতে দিচ্ছেন না। পুকুরের সাইনবোর্ডগুলোও সরিয়ে ফেলা হয়েছে। ফিল্টারিং ব্যবস্থাগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা বলেন, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য জেলা পরিষদের কতিপয় অসাধু কর্মকর্তা প্রধানমন্ত্রীর মহৎ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছেন।

জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক আতাউর রহমান সরকার বলছেন, একটি পুকুর ইজারার কথা তিনি জানেন। বাকিগুলোর বিষয়ে তাঁর জানা নেই। কথা হচ্ছে একটি পুকুরও কেন তিনি ইজারা দিতে দিলেন।

স্থানীয় সুধীমহলের অভিযোগ, সব পুকুর ইজারা দেওয়ার বিষয় তাঁর অজানা নয়। অবিলম্বে পুকুরগুলোর ইজারা বাতিল করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। আমরা জানতে চাই, এমন অনিয়মের জন্য কেন জেলা পরিষদের প্রশাসক ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে না।