একজন মানুষের মৃত্যুর মধ্য দিয়ে কি একটি পরিবারেরও মৃত্যু হতে পারে? পারে। সড়ক দুর্ঘটনায় কখনো পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হয়, কখনো মা-বাবার সঙ্গে সন্তানদেরও প্রাণ যায়। আবার কখনো একটি দুর্ঘটনায় পরিবারের এতজন সদস্য মারা যান যে তাঁদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিকটাত্মীয় খুঁজে পাওয়া যায় না। শোক করার মানুষও অবশিষ্ট থাকে না। মৃত্যুর এমন নির্মমতা আমাদের মনে করিয়ে দেয়, সড়ক দুর্ঘটনা কেবল কিছু মানুষের প্রাণহানির ঘটনা নয়; কখনো তা একটি পরিবারের ইতিহাস, স্মৃতি ও ভবিষ্যতেরও সমাপ্তি।
প্রথম আলোর খবর জানাচ্ছে, ২০২০ সালের ৪ ডিসেম্বর মানিকগঞ্জের দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হন। টাঙ্গাইলের নাগরপুরের চাষাভদ্রা গ্রামের হরেকৃষ্ণ বাদ্যকর, তাঁর ছেলে, পুত্রবধূ, নাতনি ও চাচাতো ভাই—সবাই মারা যান। তাঁদের সৎকারের জন্য নিকটাত্মীয় খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়েছিল। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর উদ্যোগে শেষ পর্যন্ত শেষকৃত্য সম্পন্ন হয়। সম্প্রতি জামালপুরের মেলান্দহে এক শিক্ষক দম্পতি ও তাঁদের সাত মাস বয়সী শিশুকন্যার মৃত্যুও একই নির্মম বাস্তবতার সাক্ষ্য দেয়।
রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে এ হিসাব তৈরি করা হয়েছে। সংস্থাটি প্রতিটি ঘটনা সরেজমিনে যাচাই করেনি। ফলে সংখ্যাটি চূড়ান্ত নয়; বাস্তবে এমন পরিবারের সংখ্যা আরও বেশি হতে পারে।
মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও বাসের দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যু হয়েছে। শুধু অটোরিকশা দুর্ঘটনাতেই একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ২১১টি। মাইক্রোবাসের ক্ষেত্রে ৪৮টি, প্রাইভেট কারে ৩৪টি। অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৪৫টি ঘটনায় প্রাণ গেছে ১৬২ জনের। বাস দুর্ঘটনায় এমন ৩২টি ঘটনায় নিহত হয়েছেন ৮৫ জন।
একটি পরিবারের মৃত্যু শুধু কয়েকটি প্রাণের অবসান নয়। এর অর্থ উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়া, শিশুদের ভবিষ্যৎ হারিয়ে যাওয়া, বৃদ্ধ মা-বাবার আশ্রয় বিলুপ্ত হওয়া। কখনো একটি দুর্ঘটনা একটি পরিবারকে সচ্ছল অবস্থা থেকে নিঃস্ব করে দেয়। আবার কখনো পরবর্তী প্রজন্মের জন্য রেখে যায় না কোনো উত্তরাধিকারী। যে শোকের কোনো সাক্ষী থাকে না, সেই শোকের গভীরতা পরিমাপ করবে কে?
এই বিপর্যয়ের পেছনে রয়েছে সড়ক ব্যবস্থাপনার দীর্ঘদিনের ব্যর্থতা। মহাসড়কে অনুপযুক্ত অটোরিকশার চলাচল, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, অতিরিক্ত গতি, বিশ্রাম ছাড়া দীর্ঘ সময় গাড়ি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। মোটরসাইকেলে মানসম্মত হেলমেট ব্যবহার না করাও প্রাণহানির কারণ। এসব অনিয়মের দায় শুধু চালকদের ওপর চাপিয়ে দিলে চলবে না। যানবাহনের নিবন্ধন, ফিটনেস পরীক্ষা, চালকের দক্ষতা যাচাই ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর।
সব দুর্ঘটনার কারণ এক নয়, তাই প্রতিরোধের পদ্ধতিও এক হতে পারে না। প্রয়োজন গবেষণানির্ভর পরিকল্পনা, নিরাপদ সড়ক অবকাঠামো, যানবাহনের নিয়মিত তদারকি এবং আইনের কার্যকর প্রয়োগ।
একটি সভ্য রাষ্ট্রের সাফল্য শুধু সড়কের দৈর্ঘ্য কিংবা যানবাহনের সংখ্যা দিয়ে মাপা যায় না। মাপতে হয় সেই সড়কে মানুষের জীবন কতটা নিরাপদ, তা দিয়ে। সড়কে মৃত্যুকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া মানে মানুষের জীবনের মূল্যকেই ছোট করে দেখা। প্রায় ৩০০ পরিবারের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার হিসাব তাই কেবল একটি পরিসংখ্যান নয়; এটি আমাদের রাষ্ট্রীয় সদিচ্ছা ও সক্ষমতার প্রশ্নটিকেও সামনে আনে।