সম্পাদকীয়
সম্পাদকীয়

আমগাছ কেটে সাবাড়

দোষীদের খুঁজে আইনের আওতায় আনুন

প্রথম দেখায় মনে হতে পারে, প্রলংয়করী টর্নেডো বুঝি আঘাত হেনেছে। ৩২ বিঘা জমিজুড়ে সারি সারি আমগাছ হয় মাটিতে শুয়ে পড়েছে, নয়তো ডালপালাশূন্য গাছের কঙ্কাল দাঁড়িয়ে আছে। না, এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়; রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর গ্রামে এক রাতের মধ্যে দুর্বৃত্তরা ১৫ চাষির প্রায় ৪০০ গাছ কেটে ফেলেছে। একেকটা গাছ বছরে চার থেকে পাঁচ মণ করে ফল দিত। সেই আমেই চাষিদের বার্ষিক আয়ের বড় একটা অংশ জোগান দিত।

প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক হাবাসপুর গ্রামে সরেজমিনে গিয়ে যে দৃশ্য দেখে এসেছেন, তা এককথায় হৃদয়বিদারক। কোনো গাছের ডালপালা নেই, কোনোটার গোড়া কেটে দেওয়া হয়েছে। কোনোটার ডালপালা সরিয়ে নেওয়া হয়েছে, শুধু কাটা গোড়া দেখা যাচ্ছে।

প্রায় ৩২ বিঘার মাঠজুড়ে একই দৃশ্য। আমগাছগুলো চাষিদের কাছে ছিল সন্তানের মতো। সকালে ঘুম থেকে উঠে কাটা গাছগুলো দেখে তাঁরা দিশাহারা হয়ে পড়েছেন। পুরো গ্রাম যেন শোকের গ্রামে পরিণত হয়েছে। আবু সামা নামের এক চাষির ২৮টি গাছ কেটে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘একটা ছেলেকে যেভাবে মানুষ করতে হয়, একটা আমগাছও সেই রকম যত্ন করলেই বাঁচে।’

রাজশাহীর বাঘার আমবাগানসমৃদ্ধ এলাকা হাবাসপুর। এ গ্রামের প্রায় সব জমিতে আমগাছ রয়েছে। আগে এ এলাকার নিচু জমিতে ধানের চাষ হলেও আম চাষ লাভজনক হওয়ায় সেখানকার চাষিরা আম চাষে ঝুঁকেছেন। সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষিরা থানায় লিখিত অভিযোগ করেছেন।

কিন্তু কারা, কী কারণে গাছগুলো কেটেছে, সে সম্পর্কে তাঁরা কিছু জানাতে পারেননি। বাঘায় রাতের আঁধারে এভাবে আমগাছ কেটে ফেলার ঘটনা এবারই প্রথম নয়। গত দুই দশকে অন্তত দেড় হাজার আমগাছ কেটে দিয়ে চাষিদের সর্বনাশ করেছে দুর্বৃত্তরা। গত এক মাসে পাঁচজন চাষির আরও দেড় শ গাছ একইভাবে কেটে ফেলা হয়েছে। কিন্তু কোনো ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এ নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন সেখানকার আমচাষিরা।

নির্বিচার গাছ কাটা যে অপরাধ, সেই ধারণা আমাদের এখানে এখনো প্রতিষ্ঠিত ধারণা নয়, অথচ এটি একটি ফৌজদারি অপরাধ। এক রাতে একটি গ্রামের ৩২ বিঘা জমির ৪০০ আমগাছ কেটে ফেলা মোটেই সাধারণ কোনো অপরাধ নয়।

সংঘবদ্ধ গোষ্ঠী এতে জড়িত রয়েছে বলেই আমাদের ধারণা। বাঘা থানা কর্তৃপক্ষকে এ ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। গাছ কাটার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। উপজেলা কৃষি কার্যালয়কে আমচাষিদের পাশে দাঁড়াতে হবে।