ডেঙ্গুর ভয়াবহতা

আর কত মৃত্যু হলে সরকারের হুঁশ হবে

গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর নিপসম (ন্যাশনাল ইনস্টিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন) মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ: সামনের করণীয়’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা যে চিত্র তুলে ধরেছেন, তাকে ভয়াবহ বললেও কম বলা হবে। 

ডেঙ্গুতে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছেন। হাসপাতালগুলোতে ‘ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থা।’ সরকারের স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সরকার দাবি করছে, কোনো সমস্যা বা ঘাটতি নেই। সবকিছু ঠিকমতো চলছে। ডেঙ্গু প্রতিরোধের দুটি পর্যায়। প্রথমত, ডেঙ্গু যাতে সংক্রমিত না হয়, সে জন্য এর উৎসগুলো ধ্বংস করা। ডেঙ্গুর জীবাণুবাহিত এডিস মশা নিধন করতে পারলে এই রোগের বিস্তারও রোধ করা সম্ভব। দ্বিতীয়ত, ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা। দুই ক্ষেত্রেই যে আমাদের সীমাহীন ঘাটতি ও দুর্বলতা আছে, রেকর্ডসংখ্যক মানুষের মৃত্যুই তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সেমিনারে বক্তারা বলেছেন, যে সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, তার পাঁচ গুণ মানুষ আক্রান্ত হচ্ছেন। বেসরকারি হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই বলেই স্বল্প আয়ের মানুষ সরকারি হাসপাতালে ভিড় জমাচ্ছেন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরামর্শক মুশতাক হোসেন যথার্থই বলেছেন, রাজনৈতিক কারণে একাধিকবার জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। এর মাধ্যমে তিনি এ কথাই বলতে চেয়েছেন যে রাজনৈতিক পরিস্থিতিকে আমরা যতটা গুরুত্বের সঙ্গে দেখি, ডেঙ্গুকে সেভাবে দেখি না। এ বিষয়ে নাগরিকদের যেমন সচেতনতার অভাব আছে, তেমনি সংশ্লিষ্ট বিভাগেরও অবহেলা আছে। সেমিনারে নিপসমের কীটতত্ত্ব বিভাগের প্রধান মো. গোলাম সারওয়ার বলেন, ‘মশানাশক ও লার্ভানাশক কার্যকারিতা হারিয়েছে।’ যে ওষুধে মশা মরে না, সেটা ছিটিয়ে কী লাভ?

সেমিনারে ১০ দফা সুপারিশ করা হয়েছে, যার মধ্যে আছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানো, পরিস্থিতি মোকাবিলায় কৌশলগত অগ্রাধিকার ঠিক করা, স্বাস্থ্যব্যবস্থায় দক্ষতা বাড়ানো, হাসপাতালে রোগী ব্যবস্থাপনায় সৃজনশীল উদ্যোগ, মশা নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থাপনা চালু, মশারি বিতরণ, মশার ওপর নিয়মিত নজরদারি, ডেঙ্গু নিয়ন্ত্রণে গোটা সরকারব্যবস্থার সম্পৃক্ততা এবং জোরালো তদারকি ও নিয়মিত কাজের মূল্যায়ন।

প্রশ্ন হলো, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? কীভাবে ডেঙ্গুর বিস্তার রোধ করা যাবে? ডেঙ্গুর ধরন বদলেছে। পুরোনো ওষুধে কাজ না হলে নতুন ওষুধ ছিটাতে হবে। ডেঙ্গুর উৎস পুরোপুরি নির্মূল করতে হবে। উপদেশমূলক বার্তায় জনগণ সচেতন না হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কোনো ব্যক্তির অধিকার নেই তাঁর বাড়িতে এডিসের অভয়াশ্রম তৈরি করে এলাকাবাসীকে বিপদের মধ্যে ঠেলে দেওয়ার। তবে যাঁরা জনগণকে সচেতন করবেন, তাঁরা নিজেরা কতটা সচেতন, সেটাও দেখার বিষয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক সানিয়া তাহমিনা বলেছেন, ‘বর্তমান দৃশ্য দেখে মনে হচ্ছে না যে আমরা একত্রে আছি। নির্বাচনের কারণে ডেঙ্গু ইস্যুটি পেছনে পড়ে গেছে। এতে দুর্যোগ আরও বেড়ে যাওয়ার ঝুঁকি আছে।’

সানিয়া তাহমিনার এই বক্তব্যের সত্যতা আছে। নির্বাচনী রাজনীতির ডামাডোলে ডেঙ্গুর বিপদের বিষয়টি অনেকটা আড়ালেই থেকে যাচ্ছে। এ থেকে উদ্ধারের উপায় কী? সবকিছু ঠিক আছে বলে আত্মতৃপ্তি লাভ করা গেলেও ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের শুশ্রূষা মিলবে না। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি এর বিস্তার রোধের দিকেও সমভাবে নজর দিতে হবে।