আজ ১৬ ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল দিন, যেদিন এক দীর্ঘ ও রক্তক্ষয়ী জনযুদ্ধের অবসান ঘটেছিল আমাদের চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। তার আগের ৯ মাসে তারা হত্যা করেছিল এ দেশের ৩০ লাখ মানুষকে। নির্যাতনের শিকার হয়েছিলেন আরও দুই লাখ নারী। আজ মহান বিজয় দিবসে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি আত্মদানের সেই ইতিহাসকে। স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতাসংগ্রাম পরিচালনাকারী প্রবাসী সরকারের নেতৃত্বদানকারী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, জেনারেল ওসমানী এবং মাওলানা ভাসানীসহ সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্যদের।
আমাদের স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা; যেখানে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, যেখানে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে চলাচল করতে পারবে, নিজের মত প্রকাশ করতে পারবে। যেখানে আধুনিক রাষ্ট্রকাঠামোর অপরিহার্য অংশ বিচার বিভাগ স্বাধীনভাবে পরিচালিত হবে, সংবাদমাধ্যম সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নিঃশঙ্ক চিত্তে পেশাগত দায়িত্ব পালন করতে পারবে।
গত ৫৩ বছরে আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়ন ঘটলেও স্বাধীনতার লক্ষ্য ও উদ্দেশ্য অনেকটা অধরা থেকে গেছে। এখনো দেশের জনগণের বিরাট এক অংশ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শিক্ষার আলো এখনো সবার ঘরে পৌঁছানো যায়নি। নিশ্চিত করা যায়নি স্বাস্থ্যসেবা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, পাঁচ দশক পরও আমরা গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে পারিনি। বাংলাদেশ দীর্ঘ সময় থেকেছে সামরিক শাসন ও একনায়কতন্ত্রের অধীনে। গণতন্ত্র প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা রাজনৈতিক নেতৃত্ব কী ধরনের দুঃশাসন দেশবাসীর ওপর চাপিয়ে দিতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। আমাদের সংবিধানে আছে রাষ্ট্রের মালিক জনগণ; কিন্তু তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে।
জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরতান্ত্রিক শাসনের অবসানের পর দেশের মানুষ নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখেছে। অন্তর্বর্তী সরকারও গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে। মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণকারী বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। আমরা আশা করব, ভবিষ্যতে কোনো সরকার এ রকম গণবিরোধী আইন করবে না। অতীতে বিশেষ ক্ষমতা আইনসহ আরও যেসব গণবিরোধী আইন করা হয়েছে, তা-ও বাতিল করা হবে। চলতি বছর আরএসএফের প্রতিবেদনে যেসব দেশকে সাংবাদিকদের জন্য বিপজ্জনক আখ্যায়িত করা হয়েছে, বাংলাদেশও তার মধ্যে আছে। এর পুনরাবৃত্তি কোনোভাবে কাম্য নয়।
জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন আশাবাদ জেগেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অতীত পশ্চাতে ফেলে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। দেশ এগিয়ে যাওয়া মানে প্রত্যেক নাগরিকের এগিয়ে যাওয়া। গণতন্ত্র মানে রাষ্ট্র পরিচালনায় প্রত্যেক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা। যে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতা একটি সফল আন্দোলন গড়ে তুলেছে, সেই ছাত্র-জনতা কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না, বিজয় দিবসের এই ক্ষণে এটাই প্রত্যাশিত।
এবারের বিজয় দিবসের আনন্দ ও গৌরব প্রত্যেক মানুষকে স্পর্শ করুক। ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনায় সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক।
দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা।