সম্পাদকীয়
সম্পাদকীয়

ডিসি-ইউএনওদের নতুন গাড়ি

সরকারের কৃচ্ছ্রসাধনের নমুনা বটে

গত মার্চ মাসে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে নতুন গাড়ি কেনা যাবে না বলে সরকার পরিপত্র জারি করেছিল। মাত্র পাঁচ মাসের ব্যবধানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ডিসি ও ইউএনওদের জন্য ২৬১টি নতুন গাড়ি কেনার তোড়জোড় শুরু হয়ে গেল।

প্রথম আলোর খবর থেকে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘সুষ্ঠুভাবে পরিচালনার’ জন্য জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নতুন গাড়ি দিতে চায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

২৬১টি গাড়ি কেনার একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গাড়ি কেনার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ও। তিন মন্ত্রণালয় ও সংস্থার পক্ষ থেকে মোট ২৭১টি গাড়ি কেনার প্রস্তাব সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর মধ্যে ডিসি ও ইউএনওদের জন্যই ২৬১টি।

এদিকে সরকারি কর্মকর্তাদের জন্য আরও দামি গাড়ি কেনার সুযোগ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ১ আগস্ট মন্ত্রণালয় থেকে এক নির্দেশনায় বলা হয়, সরকারি কর্মকর্তাদের জন্য এখন সর্বোচ্চ ১ কোটি ৪৫ লাখ টাকা দামের গাড়ি কেনা যাবে। আগে সর্বোচ্চ ব্যয়ের সীমা ছিল ৯৪ লাখ টাকা। এর বাইরে বিভিন্ন ধাপে গাড়ির দাম বাবদ ব্যয়সীমা বাড়ানো হয়েছে।

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার আবুল হাছানাত হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, জাতীয় নির্বাচনের সময় জেলা প্রশাসকেরা রিটার্নিং কর্মকর্তা ও ইউএনওরা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। নির্বাচনে তাঁদের দৌড়ঝাঁপ বাড়বে। সে জন্য নতুন গাড়ি চাওয়া হয়েছে। যেসব গাড়ির আয়ুষ্কাল ১৩ বছর বা তদূর্ধ্ব, সেখানে নতুন গাড়ি দেওয়া জরুরি।

যেখানে নির্বাচন নিয়ে রাজনৈতিক জট খোলেনি, সেখানে নির্বাচন কমিশনের (ইসি) নতুন গাড়ি কেনার প্রস্তাব ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার শামিল। যেসব ডিসি ও ইউএনও নির্বাচনে দায়িত্ব পালন করবেন, তাঁদের গাড়ি অকেজো—এ রকম কোনো তথ্য কি তাদের (ইসি) কাছে আছে? থাকলেও সেই সংখ্যা কত?

নিয়ম অনুযায়ী সরকার ১৩ বছর পর সরকারি কর্মকর্তাদের গাড়ি বদল করা হয়। কিন্তু পুরোনো গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সাবেক সভাপতি আবদুল হক বলেন, ডিসি ও ইউএনওদের যে গাড়ি দেওয়া হয়, তা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করলে ২৫ বছর পর্যন্ত চালানো যায়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, যানবাহন কেনাকাটায় চলতি ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ আছে ৬০ কোটি টাকা। কিন্তু দরকার ৩৮০ কোটি টাকা। তাই অর্থ মন্ত্রণালয়ের কাছে বাড়তি ৩২০ কোটি টাকা চাওয়া হয়েছে। এ অর্থের জোগান দেবে কে? অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেছেন, বৈদেশিক মুদ্রার ওপর যখন চাপ বাড়ছে ও মজুত কমছে, তখন সরকারি কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি কেনা ঠিক হবে না।

আমরাও মনে করি, এই মুহূর্তে সরকারি কর্মকর্তাদের জন্য পাইকারি হারে নতুন গাড়ি কেনার প্রয়োজন নেই। যেসব কর্মকর্তার গাড়ি একেবারে অচল (সে রকম উদাহরণ একেবারেই কম), কেবল তাঁদের গাড়ি বদল হতে পারে।

ডিসি–ইউএনওর গাড়ি বদল মানেই নতুন গাড়ি নয়। অনেক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পের পরিচালকেরা জরুরি কাজের দোহাই দিয়ে একাধিক গাড়ি ব্যবহার করে থাকেন। সরকার সেখান থেকেও ডিসি-ইউএনওদের কিছু গাড়ির ব্যবস্থা করতে পারে।

অর্থনৈতিক সংকটের সময় বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ করে যদি নতুন গাড়ি কেনা হয়, সেটা হবে সরকারের কৃচ্ছ্রসাধন নীতির পরিপন্থী ও জনগণের অর্থের অপচয়।