সম্পাদকীয়
সম্পাদকীয়

অনাবাদি জমি

জলাবদ্ধতা নিরসনে প্রশাসনিক উদ্যোগ চাই

অক্টোবরের শেষভাগে সামুদ্রিক ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশব্যাপী ব্যাপক বৃষ্টি হয়েছিল। দেড় মাসের বেশি সময় কেটে গেলেও শরীয়তপুর জেলার প্রায় তিন হাজার হেক্টর কৃষিজমি এখনো জলাবদ্ধ অবস্থায় রয়ে গেছে।

জমি থেকে পানি না নামায় এসব জমিতে বোরো, রবিশস্যের মতো ফসল আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। উদ্বিগ্ন কৃষকেরা জমি থেকে বিচ্ছিন্নভাবে পানি সরানোর চেষ্টা করলেও এ কাজে প্রশাসনিক উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান নেই।

শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাতে প্রথম আলোর খবর জানাচ্ছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় শরীয়তপুরে ২৮০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছিল। এ সময় অনেক ফসলি জমিতে পানি জমে যায়। সে সময় অনেক কৃষকের আমনের ফলন নষ্ট হয়।

অধিকাংশ জমির পানি নেমে গেলেও নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার তিন হাজার হেক্টর জমি থেকে পানি নামেনি। এ জেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় ৮৩ হাজার হেক্টর। এ জেলার কৃষকেরা এখন বোরো ধানের বীজতলা, বোরো ধান, রবিশস্য এবং তেল, ডাল ও মসলাজাতীয় ফসলের আবাদ করলেও পানি জমে থাকা জমিতে আবাদ করা যাচ্ছে না।

বর্ষা মৌসুমে কিংবা ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিরিক্ত বৃষ্টি হলে জমিতে পানি জমা স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু প্রাকৃতিকভাবেই সেই পানি নেমে যায়। শরীয়তপুরের বিশাল অংশজুড়ে জমিতে পানি জমে থাকার পেছনে বেশ কিছু মানবসৃষ্ট কারণ রয়েছে।

বিভিন্ন স্থানে ফসলি জমির মধ্যে অপরিকল্পিতভাবে মাছের ঘের করা হয়েছে, অনেক স্থানে খাল-নালা বন্ধ করে ফেলা হয়েছে, কিছু জায়গায় বালু ভরাট করে অপরিকল্পিতভাবে বাড়িও নির্মাণ করা হয়েছে। এসব কারণে ফসলি জমির পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় খাদ্যনিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সরকার যখন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, সে সময় জলাবদ্ধতার কারণে এতটা জমি অনাবাদি থাকা গ্রহণযোগ্য বিষয় হতে পারে না।

সিত্রাংয়ের কারণে সেখানকার কৃষকদের এমনিতেই আমন ধানের ক্ষতি হয়েছে, এরপর রবিশস্য ও বোরো ধানও তঁারা সময়মতো আবাদ শুরু করতে পারেননি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় প্রশাসনের সহায়তায় ‘বিষয়টি সমাধানের’ চেষ্টা চলছে। বর্তমান বাস্তবতায় এ ধরনের ‘চেষ্টা’ যথেষ্ট নয়। শরীয়তপুরের তিন হাজার হেক্টর জমি থেকে পানি অপসারণে জরুরি ভিত্তিতে প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন।