নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার দুর্গম পাহাড়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ক্যাম্পে প্রশিক্ষণশিবির পরিচালনার খবরটি খুবই উদ্বেগজনক।
অতীতে এসব জঙ্গি সংগঠন সম-আদর্শের লোকজনের সহায়তা নিলেও এখানে তারা ভিন্ন জনগোষ্ঠীর কাছ থেকে সুবিধা পাচ্ছে। বম জাতিগোষ্ঠীর লোকজনকে নিয়েই মূলত কেএনএফ গঠিত।
নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসারের সঙ্গে যুক্ত হয়ে দেশের ১৯টি জেলা থেকে ‘হিজরত’-এর নামে ৫৫ জন তরুণ ঘর ছেড়েছেন বলে গত সোমবার র্যাবের এক সংবাদ সম্মেলনে বলা হয়। ৫৫ জনের মধ্যে ৩৮ জনের পূর্ণ নাম-ঠিকানার একটা তালিকাও প্রকাশ করা হয়। ‘নিরুদ্দেশ’ বা ‘নিখোঁজ’ থাকা এই তরুণদের অনেকে বান্দরবানের দুর্গম এলাকায় কেএনএফের প্রশিক্ষণ শিবিরে আছেন।
গত এক সপ্তাহে জামাতুল আনসারের যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ এবং প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে পাহাড়ের ওই জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
সেখানে এখনো জামাতুল আনসারের ৫০-এর অধিক সদস্য রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আবার কেউ কেউ নিজেদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় বাড়ি ফিরেছেন, এ রকম উদাহরণও আছে।
প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, নিষিদ্ধ তিন জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম, জেএমবি ও হরকাতুল জিহাদের কিছু নেতার উদ্যোগে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া (যার বাংলা অর্থ: পূর্ববর্তী হিন্দের সাহায্যকারী দল) গঠন করা হয়। ২০১৭ সালে এরা সংগঠিত হতে শুরু করলেও সংগঠনের নাম ঠিক করে ২০১৯ সালে। অতীতে দেশের বিভিন্ন জঙ্গি সংগঠন পাহাড়ে আস্তানা বা ঘাঁটি স্থাপনের চেষ্টা করেছিল।
তবে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি কোনো সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় ধর্মভিত্তিক জঙ্গিগোষ্ঠীর প্রশিক্ষণ নেওয়ার খবর আগে জানা যায়নি। কেএনএফের ক্যাম্পের এই জঙ্গিদের প্রশিক্ষণ শুরু হয় চলতি বছরের শুরুতে। সেখানে একে-৪৭ রাইফেল, পিস্তল ও কাটা বন্দুক চালানো, বোমা (আইইডি) তৈরি এবং চোরাগোপ্তা হামলার (অ্যাম্বুশ) প্রশিক্ষণ দেওয়া হয়।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জঙ্গিদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা ঘোষণা করে। ২০১৬ সালে হোলি আর্টিজান ট্র্যাজেডির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানে বহু জঙ্গি ধরা পড়ে। এর আগেও অভিযান চালিয়ে বহু জঙ্গিকে ধরা হয় এবং তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। এরপরও জঙ্গিদের তৎপরতা যে বন্ধ হয়নি, বিভিন্ন স্থান থেকে তরুণদের হিজরত করা এবং দুর্গম পাহাড়ে প্রশিক্ষণশিবির খুলে বসাই তার প্রমাণ।
জঙ্গি দমনে সাময়িক সাফল্য নিয়ে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। নিরন্তর নজরদারি জারি রাখতে হবে। এ ক্ষেত্রে পরিবার ও জনসমাজেরও দায়িত্ব আছে। আবার সরকারকেও মনে রাখতে হবে কেবল বলপ্রয়োগ বা অভিযান চালিয়ে জঙ্গি সমস্যার সমাধান মিলবে না।
দেশে-বিদেশে এদের অর্থ ও অস্ত্রের উৎস বন্ধ করতে হবে। যেই মতাদর্শ তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে, সেই মতাদর্শের বিনাশ না করতে পারলে শঙ্কা থেকেই যাবে। যেসব তরুণ ধরা পড়েছেন, তঁারা যাতে ভবিষ্যতে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য সরকারের ‘পুনর্বাসন’ কার্যক্রমও জোরদার করতে হবে।