শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে লাগিয়ে বা একই গণ্ডির ভেতরে কাঁচাবাজার, মাছের বাজার, গরুর হাট এমনকি ইটের ভাটা পর্যন্ত দেখা যায় এ দেশে। আর প্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনার স্তূপ বা ডাস্টবিন থাকা তো কোনো ব্যাপারই নয়।
এতে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এবং শিক্ষার্থীরা মানসিক ও শারীরিক সমস্যায় ভোগে। যেকোনো সচেতন ব্যক্তিমাত্রই বিষয়গুলো সহজে বুঝতে পারেন। টাঙ্গাইল শহরে এমন সচেতন ব্যক্তিদের প্রতিবাদ অগ্রাহ্য করে সেখানে একটি বালিকা উচ্চবিদ্যালয়ের জায়গায় করা হচ্ছে কাঁচাবাজার। বিষয়টি খুবই দুঃখজনক।
টাঙ্গাইল বালিকা উচ্চবিদ্যালয়ের জায়গায় এই কাঁচাবাজার গড়ে তোলা হচ্ছে। বিষয়টি কোনোভাবেই মানতে পারছে না শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন। এ নিয়ে স্কুলের সামনে সভা-সমাবেশ ও মানববন্ধনও করেছেন তঁারা।
জেলা প্রশাসন স্কুল প্রাঙ্গণে একটি গণশুনানির আয়োজন করে, সেখানেও তাঁরা কাঁচাবাজার করতে না দেওয়ার দাবি জানান। এরপরও দেখা যাচ্ছে, কাঁচাবাজার নির্মাণ করার জন্য স্কুলের পশ্চিম পাশের সীমানাপ্রাচীরটি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। সীমানাপ্রাচীর ভেঙে ফেলার ছবিও প্রকাশ করেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর এক প্রতিবেদনে।
দুঃখজনক হচ্ছে, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কুদরত ই এলাহী খানের বিরুদ্ধেই এই কাঁচাবাজার তৈরির অভিযোগ উঠেছে। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতিও। যাঁর হাতে স্কুল তদারকির দায়িত্ব, তিনিই কিনা এমন সর্বনাশা সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর রাজনৈতিক পরিচয় থেকে এ–ও বোঝা যাচ্ছে, যেহেতু রাজনৈতিক প্রতিপক্ষের আন্দোলন-কর্মসূচিকে প্রতিহত করার অভ্যাস তাঁদের আছে, ফলে শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকদের প্রতিবাদ সভাকেও তিনি তোয়াক্কা করছেন না।
স্কুল কর্তৃপক্ষের দাবি, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ হাজার ১০০। তাদের জন্য রয়েছে শ্রেণিকক্ষসংকট। সেই সংকট মেটাতে স্কুল কমিটি একটি চারতলা ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। ভবনটিতে প্রথম দুই তলায় একটি কাঁচাবাজার থাকবে এবং ওপরের দুই তলায় শ্রেণিকক্ষ ও হল থাকবে। পৌরসভা কর্তৃপক্ষ ভবনের নকশা অনুমোদন করেছে।
এমনকি ২০ লাখ টাকায় দোকান বরাদ্দও শুরু হয়েছে। এখন কথা হচ্ছে, শ্রেণিকক্ষের সংকট মেটাতে সেখানে ভবন হতে পারে। কিন্তু সেই ভবনে আবার কাঁচাবাজার কেন? বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়ে ছাত্রীরা কীভাবে শ্রেণিকক্ষে যাবে? এখানে মেয়েদের নিরাপত্তা ও সুরক্ষা বা ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি কীভাবে রক্ষা করা সম্ভব হবে? পৌরসভা কর্তৃপক্ষ কীভাবে এই ভবনের নকশা অনুমোদন দিল?
টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ কায়ছারুল ইসলাম ডেইলি স্টারকে বলেছেন, ‘প্রশাসন কাঁচাবাজার নির্মাণের কোনো অনুমতি দেয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ আমরা তাঁর কথায় আশ্বস্ত হতে চাই। সর্বস্তরের মানুষের প্রতিবাদ আমলে নিয়ে শিক্ষাবিরোধী এমন কার্যক্রম অতিসত্বর বন্ধ হোক।