সম্পাদকীয়
সম্পাদকীয়

উচ্চশিক্ষায় ‘এডুসাইড’

জেলায় জেলায় আর বিশ্ববিদ্যালয় নয়

সম্প্রতি সর্বজন কথা আয়োজিত ‘স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথ: বৈষম্যহীন বাংলাদেশের সন্ধানে’ শীর্ষক সেমিনারে দেশের অর্থনীতি, শিল্পায়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী আলোচনা হলেও অধিক গুরুত্ব পেয়েছে উচ্চশিক্ষার করুণ দশা।

শিক্ষা যে জাতির চালিকা শক্তি, আমাদের নীতিনির্ধারকেরা সেটাকে কখনো গুরুত্ব দেননি। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকার জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করে উচ্চশিক্ষার মানের ব্যাপক অবনতি ঘটায়। তারা শিক্ষার মানের প্রতি গুরুত্ব না দিয়ে একের পর এক পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার প্রতিযোগিতায় নামে। মহাসড়কের পাশে তাকালে এখনো প্রস্তাবিত অনেক বিশ্ববিদ্যালয়ের ফলক ঝুলতে দেখা যাবে।

বিশ্ববিদ্যালয়ের কাজ কেবল জ্ঞান বিতরণ নয়, জ্ঞান সৃষ্টিও। এ কারণেই পৃথিবীর সব খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজকে অগ্রাধিকার দেওয়া হয়। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এ বিষয়ে ভীষণ উদাসীন। এ দেশের নামকরা অনেক বিশ্ববিদ্যালয়ও বাজেটের ১ শতাংশ গবেষণা খাতে ব্যয় করে না। নতুন প্রজন্মের অনেক বিশ্ববিদ্যালয় চলছে প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক দিয়ে। কোনো অভিজ্ঞ শিক্ষক নেই।

সেমিনারের দ্বিতীয় পর্বে ‘জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়: উচ্চশিক্ষার আত্মাহুতি’ শীর্ষক বক্তৃতায় ইউজিসির সদস্য মোহাম্মদ তানজীমউদ্দিন খান গত ১৬ বছরের শাসনামলে বাংলাদেশের উচ্চশিক্ষা জেনোসাইডের মতো ‘এডুসাইডের’ শিকার হয়েছে বলে মন্তব্য করেন। উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ নয়, দলীয় সমর্থক গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্যই এসব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে অবকাঠামো নেই, শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০০, কর্মকর্তা-কর্মচারী প্রায় ৩০০, শিক্ষক ১০৪ জন, ২৪টি বিভাগ। অথচ শিক্ষকদের বসার পর্যাপ্ত জায়গা নেই, গ্রন্থাগার নেই। ২১টি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় ভাড়াবাড়িতে।

এসব বিশ্ববিদ্যালয়কে ঘিরে আওয়ামী লীগ সরকার যোগ্যতা থাকুক আর না–ই থাকুক, দলীয় লোকদের পদায়ন করেছে। কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত উৎকোচ নেওয়া হয়েছে। 

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ সরকার যে উচ্চশিক্ষার সর্বনাশ করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দেশে এখন ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। আরও ৬টি বিশ্ববিদ্যালয়ের আইন হলেও কার্যক্রম শুরু হয়নি। অন্তর্বর্তী সরকারের উচিত হবে সেরা উচ্চপর্যায়ের কমিটি করে এসব বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্বলতাগুলো চিহ্নিত করে প্রতিকারের ব্যবস্থা করা। একই সঙ্গে যঁারা এসব অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 

আওয়ামী লীগ আমলে যত্রতত্র পাবলিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। মেডিকেল কলেজের মতো বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান তো যেনতেন প্রকারে চালু করলে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। সম্প্রতি স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম পাবলিক মেডিকেল কলেজগুলোর সম্ভাব্যতা যাচাই করার কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম অবকাঠামো ও শিক্ষক নেই, সেসব বিশ্ববিদ্যালয় টিকিয়ে রাখার যুক্তি আছে বলে মনে করি না।

আমরা মনে করি, যেসব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়নি, সেগুলো নিয়ে আর এগোনোর প্রয়োজন নেই। যেগুলোর কার্যক্রম চলছে, সেগুলোর বিষয়ে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে। তবে দেখতে হবে, শিক্ষার্থীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন। উচ্চশিক্ষার নামে বিশ্ববিদ্যালয় দলীয় লোক পুনর্বাসনের কেন্দ্র হতে পারে না। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করছি।