সম্পাদকীয়
সম্পাদকীয়

জন্মনিয়ন্ত্রণসেবা নেওয়া কমছে

সরকারের মনোযোগ ও কর্মতৎপরতা জরুরি

জন্মনিয়ন্ত্রণ বলতে সহজে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ বুঝে থাকি। জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর একটি জাতির সমৃদ্ধি, উন্নয়ন, খাদ্যনিরাপত্তাসহ অনেক কিছুই নির্ভর করে। নারীর প্রজননস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যু, খাদ্য ও পুষ্টি চাহিদা, শিক্ষার হারসহ আরও অনেক বিষয় এর সঙ্গে জড়িত। একটি পরিকল্পিত পরিবার গড়তে জন্মনিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ।

এ জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মসূচির সাতটি সেবা চালু আছে। যদিও এ সেবা নেওয়ার হার নারীদের ক্ষেত্রেই বেশি; নানা কারণে পিছিয়ে থাকেন পুরুষেরা। তবে আশঙ্কাজনক বিষয় হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে সরকারি জন্মনিয়ন্ত্রণ সেবার হার কমছে।

ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশ্বে বাংলাদেশের সুনাম আছে। জনসংখ্যার বিস্ফোরণ থামাতে আফ্রিকাসহ অন্যান্য অঞ্চলকে বাংলাদেশের সাফল্য কাজে লাগানোর আহ্বানও আমরা দেখতে পেয়েছি আন্তর্জাতিক নেতাদের কাছ থেকে।

কিন্তু বাংলাদেশ নিজেই এ সাফল্য কতটা ধরে রাখতে পারছে? কারণ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে আমরা যে তথ্য পাচ্ছি, তাতে উদ্বিগ্ন হতেই হয়। গত পাঁচ বছরে জন্মনিয়ন্ত্রণের সব ধরনের সেবা নেওয়ার হার কমেছে প্রায় ২৪ শতাংশ। আর ছয় বছরের হিসাবে সেই হার কমে দাঁড়ায় প্রায় ৩৭ শতাংশ। এ দেশের বড় একটি সংকট হচ্ছে, কোনো খাতে সাফল্য অর্জন করার পর সেটির ধারাবাহিকতা দীর্ঘদিন আর ধরে রাখা যায় না।

আমরা যতই টেকসই উন্নয়নের কথা বলি না কেন, সেখানে বড় ধরনের ঘাটতি থেকেই যাচ্ছে। জন্মনিয়ন্ত্রণের সেবা নেওয়ার হারের এ পরিসংখ্যান সেটাই ইঙ্গিত করছে। যদিও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, পরিবার পরিকল্পনা কর্মসূচির ক্ষেত্রে যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা এখন পর্যন্ত ভালো। দেশের মোট প্রজননহার নিয়ন্ত্রণে রয়েছে। তবে সরকারি ভিন্ন ভিন্ন সংস্থার তথ্যের মধ্যে প্রজননহার নিয়ে যে বিভ্রান্তি আমরা দেখতে পাই, তা নিয়ে আমরা সন্দিহান।

সেবা নেওয়ার ক্ষেত্রে অস্থায়ী ও স্বল্পমেয়াদি পদ্ধতিগুলো বেসরকারিভাবে সহজে নেওয়া যায়। এর জন্য ঘরের কাছে ফার্মেসিতে যাওয়াই যথেষ্ট। সরকারিভাবে এমন সেবা নেওয়ার হার কমে যাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেমন চিন্তিত নয়।

তবে মনে রাখতে হবে, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে অনিয়মিত হয়ে পড়ার হারও বেশি। ফলে নিয়মমতো এ দুটো সেবা না নিলে গর্ভধারণের ঝুঁকি থেকে যায়। এ কারণে দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদ্ধতি গ্রহণ করার হার কমে যাওয়াকে দুশ্চিন্তার কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ দুই পদ্ধতির প্রায় পুরোটাই সরকারি পর্যায় থেকে নেওয়া হয়। ফলে সরকারি কর্মসূচিগুলোতে কোথায় ঘাটতি তৈরি হয়েছে, কেন এসব সেবা নেওয়ার হার কমে গেল, তা নিয়ে অতি সত্বর মূল্যায়ন জরুরি বলে মনে করি আমরা।

নানা সামাজিক প্রতিবন্ধকতা ও রক্ষণশীলতার মধ্যে জন্মনিয়ন্ত্রণের সাফল্যের পেছনে ছিল মূলত ব্যাপক প্রচার-প্রচারণা। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমের দিকে আগের মতো তার দৃষ্টি নেই। এখন জন্মনিয়ন্ত্রণসামগ্রীর প্রচারে মাঠকর্মীরা বাড়ি বাড়ি যান না।

অথচ জন্মনিয়ন্ত্রণে সাফল্যের পেছনে বড় অবদান হচ্ছে এই মাঠকর্মীদের। তাঁদের আবারও কাজে লাগাতে হবে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সেবার মান উন্নয়ন ও প্রচারে গতি আনতে হবে। তথ্যপ্রযুক্তিকেও কাজে লাগাতে হবে।

আমরা দেখছি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প ‘তথ্য আপারা’ দেশের প্রতিটি উপজেলায় এলাকায় এলাকায় গিয়ে লাখ লাখ নারীকে তথ্যসেবা দিচ্ছেন। সেখানে যুক্ত আছে স্বাস্থ্যসেবার বিষয়টিও। চাইলে তাঁদের সহযোগিতাও নেওয়া যায়। কথা হচ্ছে, যেভাবেই হোক প্রচার-প্রচারণা বাড়াতে হবে।

এর জন্য প্রকল্প গ্রহণ, বরাদ্দ ছাড় ইত্যাদিতে যাতে সময়ক্ষেপণ না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য অটুট থাকুক, সেটিই আমাদের প্রত্যাশা।