সম্পাদকীয়
সম্পাদকীয়

ইসি ও মন্ত্রণালয়ের বিরোধ

ভাতা পেতে যতটা উদ্‌গ্রীব, নির্বাচনে ততটা নয়

প্রথম আলোর খবর থেকে জানা যায়, নির্বাচনী প্রশিক্ষণে প্রশিক্ষকদের সম্মানী ভাতা নির্ধারণ করা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।

ইসি প্রশিক্ষক হিসেবে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের জন্য প্রতি দেড় ঘণ্টার একটি সেশনে (নির্ধারিত সময়) সাড়ে সাত হাজার টাকা সম্মানী নির্ধারণ করেছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় এতে অসম্মতি জানিয়েছে। অন্যান্য পদে আসীন প্রশিক্ষকের ইসি-নির্ধারিত সম্মানী অর্থ মন্ত্রণালয় কমিয়ে দিয়েছে। এর আগে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) কেনা নিয়েও ইসির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল অর্থ মন্ত্রণালয়।

ইসি সচিবালয়ের নির্ধারণ করা সম্মানীর পরিমাণ কমানোর কোনো এখতিয়ার অর্থ মন্ত্রণালয় রাখে না বলেই মনে করে কমিশন। সাংবিধানিক এই সংস্থার কর্মকর্তারা বলছেন, আইন অনুযায়ী প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয় স্বাধীন। কিন্তু তাদের এই স্বাধীনতা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দেখা যায় না কেন?

কমিশনের মূল দায়িত্ব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করা। সেই নির্বাচন কি তারা করতে পারছে? যদি না পেরে থাকে, তাহলে প্রশিক্ষণের জন্য জনগণের করের অর্থ ব্যয় করবে কেন? স্বাধীন সচিবালয়ের অর্থ এই নয় যে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। দেশ যখন অর্থনৈতিক সংকটে, তখন ভাতার পরিমাণ নিয়ে ইসির জোরাজুরি মোটেই শোভন নয়।

প্রথমেই স্বীকার করতে হবে যে প্রধান নির্বাচন কমিশনার, কমিশনারসহ ইসির পদাধিকারীরা সরকারের রাজস্ব খাত থেকেই বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। নির্বাচন অনুষ্ঠানই তাঁদের একমাত্র দায়িত্ব। গত দুটি জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক কালে স্থানীয় পর্যায়ের যেসব নির্বাচন হয়েছে, সেসব সুষ্ঠুও হয়নি, অংশগ্রহণমূলকও হয়নি। নির্বাচন কমিশন নিয়ম রক্ষা করে চলেছে। ফলে একজন প্রশিক্ষকের পেছনে প্রতি দেড় ঘণ্টার সেশনের জন্য সাড়ে সাত হাজার টাকা খরচ করা পুরোপুরি অর্থহীন।

বর্তমান ইসি বলতে পারে, আগের ইসির সময় প্রশিক্ষণের সময় যে ভাতা নির্ধারিত ছিল, সেটাই তারা বহাল রেখেছে। আগের ইসির উদাহরণটি সুখকর নয়। কেননা কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের সময়ে প্রশিক্ষণ নিয়ে আর্থিক কেলেঙ্কারি হয়েছিল। প্রশিক্ষণের জন্য বাড়তি পদও তৈরি করেছিল তারা। বর্তমান কমিশনও সেই পথে হাঁটলে সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক।

ভাতার পরিমাণ নিয়ে জেদ না করে ইসির উচিত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে জেদ করা। এ ক্ষেত্রে যেসব বাধা দৃশ্যমান ও দৃশ্যের বাইরে যেসব বাধা আছে, তা দূর করার দিকেই ইসিকে মনোযোগী হতে হবে। নির্বাচন বিশেষজ্ঞরাও বলেছেন, নির্বাচন কমিশন ও এর কর্মকর্তারা সরকারি বেতন-ভাতা পেয়ে থাকেন। তাই প্রশিক্ষণের জন্য তাঁদের আলাদা করে সম্মানী নেওয়া অযৌক্তিক।

ইসির তৎপরতা দেখে মনে হচ্ছে, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে তাদের যে দায়িত্ব, সে বিষয়ে অনেকটা উদাসীন। অথচ ভাতা আদায়ে খুবই উৎসাহী। নির্বাচন কমিশন স্বাধীন—এই যুক্তি কি কেবল ভাতার ক্ষেত্রে প্রযোজ্য? অন্যান্য ক্ষেত্রে তো তারা সরকারের অন্যায় নির্দেশনা মানতেও দ্বিধা করে না। ইসি এই স্ববিরোধিতা পরিহার করতে না পারলে দেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করা যায় না।