সম্পাদকীয়
সম্পাদকীয়

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

সিদ্ধান্ত বাস্তবায়নে কেন ধীরগতি

গত শনিবার ব্যবসায়ীদের শতবর্ষী পুরোনো সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই বা মেট্রো চেম্বার) ভোজসভায় বেশ কজন ব্যবসায়ী সরকারি পর্যায়ের সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং সময়মতো সিদ্ধান্ত না পাওয়ার অভিযোগ করেছেন।

ব্যবসায়ীদের এসব অভিযোগ মোটেই ভিত্তিহীন নয়। ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সরকার অনেক ভালো সিদ্ধান্ত নিলেও তার সবটা বাস্তবায়িত হয় না। অনেক সিদ্ধান্ত বাস্তবায়িত হতে অনেক সময় লেগে যায়। কোনো কোনো ক্ষেত্রে ‘চিকিৎসক আসার আগে রোগী মারা যাওয়ার’ ঘটনাও ঘটে।

এমসিসিআইয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম ফি বছর বিভিন্ন নিবন্ধন নবায়ন করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্যবসায়ীদের কথা হলো, নবায়ন করতে নানা ঝক্কিঝামেলা পোহাতে হয়; অনেক সময় ব্যবসায়ীদের কাছে নানা রকম কাগজ চেয়ে হয়রানি করা হয়। প্রতিবছর নিবন্ধন নবায়ন না করে পাঁচ বছরে একবার করার দাবিও করেছেন তাঁরা।

অনুষ্ঠানে এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেসরকারি খাত উন্নয়ন নীতিবিষয়ক সমন্বয় কমিটিকে (পিএসডিপিসিসি) আরও তৎপর হওয়ার পরামর্শ দেন। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদ এলপিজি খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে তাঁকে ২৮টি সরকারি সংস্থা থেকে ২৮ ধরনের সনদ নিতে হয়েছে বলে উল্লেখ করেন। বিডার ওএসএস বা এক দরজায় সেবা নিয়ে অসন্তোষের কথা জানান প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী।

প্রাতিষ্ঠানিক শিক্ষা ও চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতার মধে৵ বড় ব্যবধান রয়েছে বলে জানিয়েছেন সিঙ্গারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ এম ফাইরোজ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গবেষণায় বলা হয়েছিল, বাংলাদেশে শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। একদিকে দেশে হাজার হাজার শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে, অন্যদিকে বিদেশ থেকে দক্ষ কর্মী আনতে হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের চাহিদা মেটাতে।

ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া যা বলেছেন, তাতে ব্যবসায়ীরা খুব একটা আশ্বস্ত হবেন বলে মনে হয় না। তিনি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানো, প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন ও সংস্কার আনার তাগিদ দিয়েছেন। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? যেসব সংস্থার এসব কাজ করার কথা, তাদের জবাবদিহির আওতায় আনার দায়িত্ব সরকারেরই। এর আগেও ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্যের সমস্যা নিয়ে শীর্ষ আমলাদের কাছে ধরনা দিয়েছেন। এতে ধারণা করা যায়, তাঁরা মন্ত্রীদের প্রতি ভরসা রাখতে পারছেন না।

বাংলাদেশে ব্যবসার পরিবেশের যে তেমন উন্নতি হয়নি, তা বিজনেস ক্লাইমেট ইনডেক্স (বিবিএক্স) ২০২২-২৩ জরিপে উঠে এসেছে। জরিপের তথ্যানুযায়ী, ২০২১ সালে সামগ্রিকভাবে ব্যবসার পরিবেশের সূচকের ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৬১ দশমিক শূন্য ১। গত বছর সেই স্কোর সামান্য বেড়ে ৬১ দশমিক ৯৫ হয়। ১০ সূচকের মধ্যে ৪টির অবস্থা খারাপ। বাকি ৬টি সূচক উন্নতির দিকে। ১০ সূচকের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অবকাঠামো। অন্যদিকে ব্যবসায়ীদের ব্যাংকঋণ পাওয়া জটিল আকার নিয়েছে, কর ও ভ্যাট পরিশোধে হয়রানি আগের চেয়ে বেড়েছে। এ ছাড়া কারখানা বা ব্যবসার জন্য জমি পাওয়াও কঠিন হয়েছে।

এ অবস্থায় সরকার ব্যবসাবান্ধব—এমন দাবি করা কতটা যৌক্তিক, তা–ও বিচারের দাবি রাখে। অবকাঠামোর উন্নয়নই যে ব্যবসা–বাণিজ্য প্রসারের একমাত্র মাপকাঠি নয়, বিবিএক্স সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে আমলাতান্ত্রিকতা পরিহার করে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো আরও দ্রুত ও কার্যকর ভূমিকা নেবে আশা করি।