সম্পাদকীয়
সম্পাদকীয়

বিদ্যুতের পরিত্যক্ত লাইন

মানুষকে দুর্ভোগ থেকে মুক্তি দিন

সরকারি সেবা খাত প্রতিষ্ঠানগুলো নিয়ে মানুষের দুর্ভোগের অভিযোগের শেষ নেই। কিছু দুর্ভোগ নিরসন করা যায় না রাজনৈতিক সদিচ্ছার অভাবের কারণে। কিছু দুর্ভোগের নিরসন হয় না দায়িত্বশীল কর্মকর্তাদের সদিচ্ছা ও দায়িত্বহীনতার কারণে।

যেমন রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকায় একটি পরিত্যক্ত বিদ্যুতের লাইনের কারণে একটি আবাসিক এলাকায় কোনো ভবন তোলা যাচ্ছে না। বিদ্যুতের লাইনটি সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বছরের পর বছর আবেদন করেও কোনো সমাধান মেলেনি।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, আশির দশকে ৩৩ হাজার ভোল্টের একটি রিং লাইন নির্মাণ করা হয়, যেটি নগরের শালবাগানের বিমান চত্বর এলাকা থেকে তেরখাদিয়া হয়ে হড়গ্রাম এলাকায় চলে গেছে। মূলত সোর্স লাইনে কোনো সমস্যা হলে রিং লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হতো। কিন্তু কার্যক্ষমতা হারানোর কারণে সেই লাইন আট-দশ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

যখন লাইনটি নির্মাণ করা হয়, তখন ওই এলাকা ফাঁকা ছিল। এখন শহর সম্প্রসারিত হওয়ায় সেখানে আবাসিক এলাকা গড়ে উঠেছে। কিন্তু সঞ্চালন লাইনের নিচে যাদের জমি রয়েছে, তাঁরা সেখানে ভবন করতে পারছেন না। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে থেকে ভবনের অনুমোদন নিয়ে এলেও কাজ শুরু করতে পারছেন না। কেউ একতলা করে কাজ বন্ধ রেখেছেন, আবার কেউ একতলাও তুলতে পারেননি।

ভবন নির্মাণের সময় ওই লাইনের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকও মারা গেছেন। তখন লাইনটি সচল ছিল। এখন লাইনটি পরিত্যক্ত হলেও কেউ ভবন নির্মাণ করতে সাহস করতে পারছেন না। শুধু আবাসিক ভবন নয়, মসজিদসহ অন্যান্য প্রতিষ্ঠানের নির্মাণকাজও সেখানে থমকে আছে। প্রায় আট হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ লাইনটির কারণে।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের কাছে বারবার আবেদন করেছেন তঁারা। এমনকি লাইন অপসারণের খরচও ভুক্তভোগীরা বহন করতে চেয়েছেন। এরপরেও নেসকোর পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাচ্ছেন না তাঁরা।

নেসকো লিমিটেড রাজশাহী অঞ্চলের বক্তব্য, বিকল্প আরেকটি রিং লাইন নির্মাণের কাজ চলছে। ২০২৩ সালের দিকে সেটি শেষ হবে। এরপর পুরোনো লাইনটি অপসারণ করা হবে।

তবে স্থানীয় সুধীজনেরা মনে করেন, নেসকো চাইলে যেকোনো সময় পুরোনো লাইনটি অপসারণ করতে পারে। কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবের কারণে তাদের এই ভোগান্তি। আমরা চাই, পরিত্যক্ত লাইনটি দ্রুত সরানো হোক। বছরের পর বছর ধরে মানুষ ভোগান্তির শিকার হবে, আর নেসকো হাত গুটিয়ে বসে থাকবে, এটা হতে পারে না।