সম্পাদকীয়
সম্পাদকীয়

থানায় থানায় পাঠাগার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে অভিবাদন

সরকারি কর্মকর্তাদের মধ্যে পাঠাভ্যাস তৈরিতে বই কেনা নিয়ে সমালোচনার শেষ নেই। এমন সময় চট্টগ্রাম শহরের থানায় থানায় দারুণ এক পাঠাগার সংস্কৃতি তৈরির খবর দিল প্রথম আলো। নগরীর ১৬টি থানাতেই গড়ে উঠেছে একটি করে সমৃদ্ধ পাঠাগার। দেশের আর কোনো বিভাগীয় শহরে এমন নজির নেই।

দর্শনার্থী, আসামি ও পুলিশ সদস্যরাই এসব পাঠাগারের বইয়ের পাঠক। প্রতিবেদনের ছবিতেই আমরা দেখতে পাচ্ছি, গ্রেপ্তার বা আটক হওয়া ব্যক্তিদের কেউ কেউ থানা-হাজতের ভেতরে বই পড়ে সময় পার করছেন।

কাজের ফাঁকে পুলিশ সদস্যরা পাঠাগারে যেমন সময় কাটান, আবার বাসায় বা মেসে নিয়ে যাওয়ারও সুযোগ আছে। ইতিবাচক বিষয় হচ্ছে অনেক পুলিশ সদস্য এ সুযোগকে কাজে লাগাচ্ছেন। এর মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে পাঠাভ্যাস গড়ে উঠছে।

চট্টগ্রাম শহরের থানাগুলো যাঁর উদ্যোগে বদলে গেছে, তিনি সেখানকার সাবেক কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। বর্তমানে তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর সেই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রতিটি গ্রন্থাগারে রয়েছে ৩০০ থেকে ৬০০ বই। সেখানে রয়েছে উপন্যাস, কবিতা, গল্প, আত্মজীবনী, মুক্তিযুদ্ধ, আইন ও ধর্মীয় বই। পাঠকের চাহিদার কারণে দিন দিন বইয়ের সংখ্যা বাড়ছে।

পাঠাগারের কারণে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে দর্শনার্থীদের। থানায় নানা কাজে গিয়ে অনেককে গোটা দিনও বসে থাকতে হয়। তাঁরা তখন বই পড়ে সময় কাটান। কোতোয়ালি ও খুলশী থানায় তেমন চিত্রই দেখা গেছে।

এমন গ্রন্থাগার পেয়ে খুশি থানায় দায়িত্বরত পুলিশ সদস্যরাও। কোতোয়ালি থানার কনস্টেবল জহিরুল হক বলেন, ‘দায়িত্ব শেষ করে এসে রুমে মুঠোফোনে কিংবা আড্ডায় বেশির ভাগ সময় কেটে যেত আগে।

এখন থানা ভবনে গ্রন্থাগার চালু হওয়ায় আগের মতো সময় নষ্ট হয় না। অবসর সময়টুকু বই পড়ে কাটে।’ হাজতে বন্দীদের গ্রন্থাগারে বসে বই পড়ার সুযোগ নেই। তবে হাজতের ভেতরে তাঁদের বই দেওয়া হয়। তঁাদের অনেকেই আগ্রহ নিয়ে বই চেয়ে নেন।

সমাজ অপরাধমুক্ত করতে পাঠাগারচর্চা বড় ভূমিকা রাখতে পারে। সেই প্রচেষ্টা থানা থেকেই শুরু করা নিঃসন্দেহে বড় উদ্যোগ। বইয়ের সংস্পর্শে এসে অপরাধী থেকে শুরু করে দর্শনার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনেকের মধ্যে নিজেকে সংশোধনের সুযোগ তৈরি হবে। নতুন করে সুন্দরভাবে বেঁচে থাকার ইচ্ছার প্রতিফলনও ঘটবে। থানা-পুলিশ মানেই মানুষের মধ্যে যে ভীতিকর ও ভোগান্তির অভিজ্ঞতা চিত্রিত হয়, সেটি বদলে দিতেও সহায়ক হবে এমন উদ্যোগ। অন্যান্য শহরের থানাগুলোতেও পাঠাগারচর্চা গড়ে উঠুক। আমরা সিএমপিকে অভিবাদন জানাই।