সম্পাদকীয়
সম্পাদকীয়

গণপরিসরে নারী নিগ্রহ

হয়রানি বন্ধে চাই সুনির্দিষ্ট আইন

সভ্য সমাজে গণপরিসর স্বভাবতই নারীর জন্য নিরাপদ বলে বিবেচ্য। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশের এ–সংক্রান্ত বাস্তবতা সে ধারণাটা পাল্টে দিয়েছে। বিশেষ করে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানির একের পর এক ঘটনা গণপরিসরে নারীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নের জন্ম দিয়েছে।

সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) যৌথ অনলাইন জরিপে গণপরিসরে নারী নিগ্রহের যে চিত্র উঠে এসেছে, সেটাকে আশঙ্কাজনক না বলে উপায় নেই। জরিপে অংশগ্রহণকারী ৫৭ শতাংশ নারী জানিয়েছেন, গণপরিবহন তাঁদের জন্য সবচেয়ে অনিরাপদ।

প্রথম আলোর খবর জানাচ্ছে, বাস, লঞ্চ বা ট্রেনের মতো গণপরিবহন ও টার্মিনালে ৮৭ শতাংশ নারী নিগ্রহের শিকার হন। সড়ক, শপিং মল, দোকানের মতো গণপরিসরেও নারীরা নিগ্রহের শিকার হচ্ছেন। ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা টুইটারের মতো সামাজিক যোগাযোগের পরিসরেও প্রতিনিয়ত নিগ্রহ ও হয়রানির ঘটনা ঘটছে।

গণপরিসরে নারীরা কী কী ধরনের নিগ্রহের শিকার হন, জরিপে তার একটি চিত্র পাওয়া যায়। সবচেয়ে বেশি ঘটছে ইভ টিজিংয়ের ঘটনা। নিগ্রহ থেকে সুরক্ষা কীভাবে হবে, সে সম্পর্কে নারীরা মতামতও তুলে ধরেছেন। অধিকাংশ অংশগ্রহণকারী মনে করেন, নারীর প্রতি সম্মানের অভাবে নিগ্রহের ঘটনা ঘটে।

তাঁরা মনে করেন, নিগ্রহ বন্ধে সঠিক পারিবারিক শিক্ষা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন। নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা প্রয়োজন বলে মনে করেন বেশির ভাগ নারী। কিন্তু বাস্তবে নিগ্রহের ঘটনায় প্রতিবাদ করেন মাত্র ৩৫ শতাংশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর হার মাত্র ১ শতাংশ।

গণপরিসরে নারী নিগ্রহের বিষয়ে সচেতনতা বাড়ানো এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে জরিপটি করা হয়েছে। জরিপের ফলাফল থেকে যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে, তা হলো গণপরিসর নারীর জন্য দিন দিন অনিরাপদ হয়ে উঠেছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের ভাষ্যে এর একটি কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তিনি জানিয়েছেন, বাংলাদেশে যৌন হয়রানি প্রতিরোধে সুনির্দিষ্ট কোনো আইন নেই। এ-সম্পর্কিত একটি আইনের খসড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

গণপরিসরে নারীর নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিঃসন্দেহে একটি আশঙ্কার বিষয়। নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এটিকে বড় প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা না করার সুযোগ নেই। এর অবসানে প্রথমত নারীর প্রতি দৃষ্টিভঙ্গির বদল প্রয়োজন।

পারিবারিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা দীর্ঘ মেয়াদে এ দৃষ্টিভঙ্গি বদলে সহায়তা করতে পারে। কিন্তু যৌন হয়রানি ও নিগ্রহ বন্ধে আশু পদক্ষেপ হিসেবে সুনির্দিষ্ট আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিভঙ্গিরও বদল প্রয়োজন।

নিগ্রহের শিকার ৯৯ শতাংশ নারী কেন অভিযোগ জানান না, সে বিষয়টি অনুধাবন প্রয়োজন। সামাজিক নিরাপত্তাবলয়ের সঙ্গে আইনি সুরক্ষা ছাড়া গণপরিসরে মহামারির মতো ছড়িয়ে পড়া নারী নিগ্রহের অবসান ঘটানো সম্ভব নয়।