সম্পাদকীয়
সম্পাদকীয়

বেসরকারি চাকরিজীবী

ভবিষ্য তহবিলের আয়ে বাড়তি কর কেন

নতুন আয়কর আইনে বেসরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্য তহবিল ও গ্র্যাচুইটি বা আনুতোষিক তহবিলের আয়ের ওপর সাড়ে ২৭ শতাংশ কর ধার্য করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বেসরকারি চাকরিজীবীদের সাধারণত ভবিষ্য তহবিল ও আনুতোষিক তহবিলের অর্থ স্থায়ী আমানতে (এফডিআর) কিংবা সঞ্চয়পত্র ক্রয়সহ বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করা হয়।

২০১৬ সাল থেকে খাতভেদে এ বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর হিসেবে ৫ থেকে ১০ শতাংশ কর কেটে রাখা হতো। নতুন আইনে কাটা হবে সাড়ে ২৭ শতাংশ। অর্থাৎ বছরে উল্লিখিত তহবিলের অর্থ যেখানেই বিনিয়োগ করা হোক না কেন, সাড়ে ২৭ শতাংশ নিয়ে যাবে সরকার।

অথচ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিল ও আনুতোষিক তহবিলের আয়ের ওপর কর নেই। সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলে সরকার ১৩ শতাংশ সুদ দেয়। এটা আমানতের ওপর সর্বোচ্চ সুদ। এটা সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের প্রতি সরকারের বৈষম্যমূলক নীতির একটি মন্দ উদাহরণ হয়ে থাকবে।

এমনিতেই সরকারি চাকরিজীবীদের তুলনায় বেসরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা কম। তারপরও এ ধরনের নীতি কার্যকর হলে বৈষম্যটি বেড়ে যাবে। উল্লেখ করা প্রয়োজন যে সরকারি চাকরিজীবী পেনশন ভোগ করলেও সব বেসরকারি চাকরিজীবী ভবিষ্য তহবিলের সুযোগ নেই। অন্যদিকে গ্র্যাচুইটির অর্থ পুরোটাই জোগান দেয় প্রতিষ্ঠান। আয়ের ওপর এই বাড়তি কর কেবল বেসরকারি চাকরিজীবী নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপরও বাড়তি চাপ।

এফবিসিসিআইয়ের নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবিরের মতে, প্রভিডেন্ট ফান্ড অবসরের পর চাকরিজীবীদের সামাজিক সুরক্ষা হিসেবে কাজ করে। বাড়তি কর নিলে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেছেন, বেসরকারি খাতের কর্মীদের সামাজিক সুরক্ষা কম। কারণ, প্রভিডেন্ট ফান্ডসহ তহবিল থেকে খুব কমই সামাজিক সুরক্ষা পাওয়া যায়। তাই কর আরোপের ফলে বৈষম্য বাড়বে।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি শেষে নিজের জমানো ও সমপরিমাণ অফিসের দেওয়া টাকা এবং জমা টাকার ওপর সুদ বাবদ বেসরকারি চাকরিজীবীরা কিছু টাকা পান। সেই টাকার আয়ের ওপর বাড়তি কর বসানোর অর্থ হলো এ ধরনের তহবিলকে নিরুৎসাহিত করা। সরকার একদিকে সরকারি চাকরিজীবীদের পেনশনের অর্থের ওপর সর্বোচ্চ ১৩ শতাংশ সুদ দিচ্ছে, অন্যদিকে বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের আয়ের ওপর বাড়তি কর আরোপ করছে। এটা বেসরকারি চাকরিজীবীদের প্রতি সরকারের বৈষম্যমূলক নীতিরই প্রতিফলন।

সরকারের রাজস্ব বাড়ানোর প্রয়োজন অস্বীকার করছে না কেউ। কিন্তু এ জন্য বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের ওপর কেন হাত দিতে হবে? সরকারের উচিত করের আওতা বাড়ানো। যারা এখনো করের আওতায় আসেনি, তাদের নিয়ে আসার ক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না।

প্রতিবছর বিত্তবানেরা যে কোটি কোটি টাকা কর ফাঁকি দিচ্ছেন, তঁাদের প্রতি নজর না দিয়ে সরকার বেসরকারি চাকরিজীবীদের আয়ের ওপর ভাগ বসাচ্ছে। এটা কেবল অযৌক্তিক নয়, অবিচারও বটে। কর আইন সংস্কারের কথা দীর্ঘদিন ধরে শোনা গেলেও সরকার এ ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নিয়েছে বলে জানা যায় না।

আমরা বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের আয়ের ওপর বাড়তি করারোপ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। যাঁরা প্রতিবছর কোটি কোটি টাকার কর ফাঁকি দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বেসরকারি চাকরিজীবীদের নড়বড়ে ভবিষ্যৎ নিরাপত্তাকে আরও ভঙ্গুর করা কোনোভাবে সমীচীন হবে না।