সম্পাদকীয়
সম্পাদকীয়

রংপুর শিশু হাসপাতাল

চালু হওয়ার আগেই পরিত্যক্ত হয়ে যাবে?

রংপুর অঞ্চলের মানুষের অভিমান নতুন নয়। দেশজুড়ে এত মেগা প্রকল্প হচ্ছে, তা ওই অঞ্চলকে কতটা স্পর্শ করছে আসলে। এরপরও সেখানে উন্নয়ন হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সরকার গুরুত্ব দিচ্ছে।

দেরিতে হলেও একের পর এক প্রতিষ্ঠান গড়ে উঠছে। যেমন রংপুরে ১০০ শয্যার একটি শিশু হাসপাতাল গড়ে তোলা হলো। সেটি আনন্দের খবর হলেও একই সঙ্গে হতাশারও। কারণ, নির্মাণের পর হাসপাতালটি হস্তান্তর করা হলেও সেখানে দুই বছরেও কোনো জনবল নিয়োগ করা হয়নি, সরবরাহ করা হয়নি যন্ত্রপাতিও।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, প্রায় সাড়ে ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি ঘিরে গড়ে তোলা হয় মূল হাসপাতাল ভবন, সুপারিনটেনডেন্ট কোয়ার্টার ভবন, ডক্টরস কোয়ার্টার ভবন, নার্স কোয়ার্টার ভবন, ড্রাইভারস কোয়ার্টার ভবন এবং বিদ্যুৎ সাবস্টেশন ভবন। বোঝাই যাচ্ছে, পরিপূর্ণ একটি হাসপাতালের জন্য যা যা অবকাঠামো লাগে, তার সবকিছুই এখানে গড়ে তোলা হয়েছে।

ঠিকাদারেরা গোটা হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে জেলা সিভিল সার্জনকে ২০২০ সালের মার্চে হস্তান্তরও করেন। কিন্তু ওই বছর করোনার সংক্রমণ ঘটলে হাসপাতাল ভবনটিকে করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়। এখন আগের মতো করোনার প্রকোপ নেই বললেই চলে। করোনা রোগীর চাপও নেই। শিশু হাসপাতালটির পূর্ণাঙ্গ সেবা শুরু না হওয়ায় হতাশ রংপুরবাসী।

রংপুর বিভাগীয় শহরে একটি শিশু হাসপাতাল নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছিল সেখানকার নাগরিক সমাজ। এখন হাসপাতাল পেলেও মিলছে না তার সুফল। ইমার্জেন্সি, আউটডোর, চিকিৎসকদের চেম্বার ও ল্যাব, অপারেশন থিয়েটার, ওয়ার্ড ও কেবিন সবই আছে; কিন্তু সেগুলো চালানোর জন্য কোনো চিকিৎসক-নার্সসহ কোনো জনবল নেই, নেই আধুনিক যন্ত্রপাতিও। কোনো কার্যক্রম না থাকায় সুন্দর ও নান্দনিক অবকাঠামোগুলো পড়ে থাকতে থাকতে পরিত্যক্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বিষয়টির জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা সিভিল সার্জনকেই দুষছেন তাঁরা। তাঁদের অভিযোগ, জনবল নিয়োগ, যন্ত্রপাতি সরবরাহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানোসহ নানা চেষ্টা বা উদ্যোগ গ্রহণে কোনো ধরনের তৎপরতা নেই। রংপুরবাসীর প্রশ্ন, এটি অবহেলা ও দায়িত্বহীনতা নয়?

কখন চাহিদাপত্র পাঠানো হবে, সেটির জন্য কর্তৃপক্ষ কবে সভায় বসবে, মন্ত্রণালয় সেই চাহিদাপত্র কবে অনুমোদন দেবে—সবকিছু মিলিয়ে দীর্ঘ একটি প্রক্রিয়া। কখন শিশু হাসপাতালটি চালু হবে, সেটিই আমরা প্রশ্ন রাখতে চাই সংশ্লিষ্ট সবার কাছে।