সম্পাদকীয়
সম্পাদকীয়

বরিশালে পুলিশ ক্লিয়ারেন্স

সেবা সহজলভ্য করার প্রশংসনীয় উদ্যোগ

নাগরিক সেবাগুলো ডিজিটাল হয়ে গেলেও ভোগান্তির শেষ নেই। জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট বা পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে গেলে সেটি হাড়ে হাড়ে টের পাওয়া যায়। পদে পদে হয়রানির কারণে এখানে গড়ে উঠেছে জালিয়াতি ও দালাল চক্রও।

যেমন পুলিশের ভুয়া ক্লিয়ারেন্স বা ছাড়পত্র বিক্রির বিশাল বাণিজ্য বিস্তার লাভ করেছে দেশে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এক প্রতিবেদন থেকেই বিষয়টি বেরিয়ে আসে। এর সঙ্গে জড়িত অসাধু পুলিশ কর্মকর্তারাও। এমন কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে পুলিশ।

তবে এ সমস্যা নিরসনের একটাই পথ হতে পারে, ওয়ান–স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস চালু করা। যেখান থেকে দায়িত্ব নিয়ে অল্প কয়েক দিনের মধ্যে মানুষকে ছাড়পত্র পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এমন সেবা চালু করেছে।

পাসপোর্ট করা, বিদেশ গমন কিংবা সরকারি চাকরিতে যোগদানের জন্য সবখানে পুলিশের ছাড়পত্র বাধ্যতামূলক। যাতে ভুয়া পরিচয় ও ঠিকানা ব্যবহার করে কেউ বিদেশে যেতে না পারে বা চাকরিতে যোগদান করতে না পারে। বেশির ভাগ ক্ষেত্রে পুলিশের দায়িত্বহীনতা ও অসততার কারণে এ ছাড়পত্র পাওয়া সহজ হয়ে ওঠে না।

যার কারণে গড়ে ওঠে দালাল ও জালিয়াত চক্র। তারা মানব পাচারকারীদেরও অবৈধ ব্যবসা চালানোর সুযোগ করে দেয়। বিষয়টি নিয়ে নানা সময় বেশ সমালোচনা তৈরি করলেও পুলিশের তেমন কার্যকর উদ্যোগ দেখা যায় না। সেদিক দিয়ে বরিশাল পুলিশ একটি উদাহরণ তৈরি করেছেই বলা যায়।

এক সপ্তাহের মধ্যে ছাড়পত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানকার পুলিশ কমিশনার। সেটির বাস্তবায়নও দেখা যাচ্ছে। এমনকি এক সপ্তাহের আগেই অনেকে ছাড়পত্র পেয়ে গেছেন। এতে সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেছেন।

৩১ আগস্ট বরিশাল মেট্রোপলিটন কমিশনারের কার্যালয়ে এ সেবার উদ্বোধন করা হয়। গত সোমবার সকাল পর্যন্ত পাঁচ দিনে সেখানে আবেদন পড়েছিল ৪৬টি, তার মধ্যে ৩৩ জনের ছাড়পত্রই প্রস্তুত হয়ে যায়। অনেককে কয়েক দিনের মধ্যেই ছাড়পত্র বিতরণ করা হয়।

সেবাগ্রহীতাদের একজন বলছেন, ‘তিন দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে অবিশ্বাস্য লাগছে। এই সেবা পেতে আগে আমাদের অনেক ভোগান্তি ও টাকা খরচ করতে হয়েছে।

এখন আমি খুবই খুশি।’ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তি দূর করতেই এ পদক্ষেপ। এর ফলে পুলিশের প্রতি মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গির বদল ঘটবে।

অনেকেই এটা অবিশ্বাস্য মনে করলেও আমরা সেটা বাস্তবায়ন করেছি। এটা অব্যাহত থাকবে।’ আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশকে অভিবাদন জানাই। গোটা দেশে এ কার্যক্রম ছড়িয়ে পড়ুক।