সম্পাদকীয়
সম্পাদকীয়

ডেমু ট্রেন সচল

প্রকৌশলীদের এ প্রচেষ্টা অব্যাহত থাকুক

দ্রুত সময়ে কাছাকাছি দূরত্বে বেশি যাত্রী পরিবহন করার সুবিধার্থে ২০১৩ সালে চীন থেকে ২০ সেট ডেমু ট্রেন আমদানি করা হয়। শুরুতে বেশ জনপ্রিয়তাও পায় আধুনিক এ ট্রেনগুলো। এসব ট্রেনের আয়ুষ্কাল ২০ থেকে ২৫ বছর বলা হলেও কয়েক বছরের মধ্যেই সেগুলো অকেজো হয়ে পড়ে।

একপর্যায়ে ডেমু ট্রেনগুলো রেলওয়ের বোঝায় পরিণত হয়। কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই ছাড়া এসব ট্রেন কিনে সরকারি অর্থ অপচয় করা হয় বলেও অভিযোগ ওঠে রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে নানা সময় সংবাদমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। তবে ডেমু ট্রেনগুলো সচল করার উদ্যোগ নিয়ে সফলতা দেখিয়ে প্রশংসিতও হচ্ছে রেলওয়ে।

বিশেষ সফটওয়্যার দিয়ে পরিচালিত কম্পিউটারনিয়ন্ত্রিত এসব ট্রেন আমদানিতে ব্যয় হয়েছিল ৬৫০ কোটি টাকা। এত টাকা খরচ করা হলেও ডেমু ট্রেন পরিচালনার প্রযুক্তি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশকে দেয়নি। এ জন্য চীনা প্রতিষ্ঠানের কাছে ধরনা দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। হিসাব করে দেখা যায়, একেকটি ট্রেন নষ্ট হলে সেটি সচল করতে আবারও বিপুল পরিমাণ টাকা গচ্চা দিতে হবে। দীর্ঘদিন পড়ে থাকার পর ডেমু ট্রেনগুলো সচল করতে উদ্যোগ নেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. মঞ্জুর উল আলম চৌধুরী। তাঁর আন্তরিক প্রচেষ্টায় ডেমু ট্রেনগুলো আবারও যাত্রীসেবা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।

তবে ডেমু ট্রেনগুলো সচল করার মূল কারিগর প্রকৌশলী মো. আসাদুজ্জামান। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী।

রেলওয়ে তাঁর কাছে সহযোগিতা চাইলে এ কাজে এগিয়ে আসেন তিনি। কাজ শুরুর আড়াই মাসের মধ্যে ডেমু ট্রেনগুলো চালু করার দেশি প্রযুক্তিও বের করে ফেলেন তিনি। মো. আসাদুজ্জামান বলেন, ‘দেশি প্রযুক্তি ব্যবহার করে আমরা পাঁচ সেট ডেমু ট্রেন সচল করতে সক্ষম হয়েছি। পরীক্ষামূলক চলাচলেও আমরা সাফল্য পেয়েছি। একটি ডেমু ট্রেন মেরামতে ব্যয় হয়েছে সর্বোচ্চ ৫০ লাখ টাকা, চীনের কাছ থেকে প্রযুক্তি নিয়ে সেটি করতে খরচ হতো প্রায় ৩ কোটি টাকা।’ এর মাধ্যমে সরকারের বিপুল অর্থও বেঁচে গেল।

বাকি ১৫টি ডেমু ট্রেনও একই প্রযুক্তিতে মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মো. মঞ্জুর উল আলম চৌধুরী বলেন, ‘আমাদের প্রকৌশলীরা যুগান্তকারী সাফল্য দেখিয়েছেন। এর মাধ্যমে আমাদের জনবল দক্ষ হয়েছে।

আমরা সব কটি ডেমু ট্রেন মেরামত করব, যা দিয়ে বাড়ানো হবে গণপরিবহনসেবা।’ নানা সমালোচনার মধ্যে আমরা রেলওয়ের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রকৌশলী আসাদুজ্জামান ও তাঁর টিমকে অভিনন্দন।