সম্পাদকীয়
সম্পাদকীয়

একটি পক্ষিনিবাসের মৃত্যু

চা-বাগান কর্তৃপক্ষের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই

শীতকালের বাংলাদেশ মানেই পরিযায়ী পাখির স্বর্গরাজ্য। হাওর, বাঁওড়, বিল, হ্রদ, বনজঙ্গল, চা-বাগানসহ নানা জায়গায় পরিযায়ী পাখিরা সাময়িক সময়ের জন্য বাসা বাঁধে। অনেক বিরল ও দুর্লভ আবাসিক পাখির নিবাসও এসব জায়গা।

কিন্তু দুঃখজনক হচ্ছে, এসব পক্ষিনিবাস দিন দিন বিনাশ হয়ে যাচ্ছে—এর মধ্য দিয়ে সর্বনাশ হচ্ছে প্রকৃতিরও। শীতের মৌসুম আসার আগে থেকেই পাঠকের কাছ থেকে আমরা অনেক চিঠি পেয়েছি; যেখানে আক্ষেপ করে বলা হয়েছে, আগের মতো এখন আর পরিযায়ী পাখিরা আসছে না। বড় ধরনের দুশ্চিন্তার বিষয় এটি। এর মধ্যে শ্রীমঙ্গলের কমলগঞ্জ জেলায় একটি পক্ষিনিবাস ধ্বংসের ঘটনা আমাদের চরমভাবে ব্যথিত করে।

গত রোববার প্রথম আলোতে এক প্রতিবেদনের মাধ্যমে পাখি ও বন্য প্রাণী চিকিৎসাবিশেষজ্ঞ আ ন ম আমিনুর রহমান আমাদের এ ঘটনা জানিয়েছেন। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন কুরমা টি এস্টেটে মাত্র ১০ একর জায়গায় ছন ও ঘাসবনঘেরা এ পক্ষিনিবাসের অবস্থান ছিল। চা-বাগানের সম্প্রসারণের জন্য পক্ষিনিবাসের ছন ও ঘাসবন কেটে ফেলেছে মালিক কর্তৃপক্ষ।

প্রায় এক যুগ আগে থেকেই এই পক্ষিনিবাস সম্পর্কে জানতেন পাখি ও বন্য প্রাণিবিশারদেরা। সেখানে প্রায় ৮০ প্রজাতির আবাসিক ও পরিযায়ী পাখি দেখা যেত। যার মধ্যে অনেক পাখিই ছিল বিরল, অতি বিরল ও দুর্লভ। দেশের অতি বিরল ও মহাবিপন্ন সোনালিমাথা ধানটুনি পাখির একমাত্র প্রজননক্ষেত্র ছিল এটি।

এখন নিজ গৃহ থেকে বিতাড়িত ও আশ্রয়হীন পাখিগুলোকে আলাদা জায়গা খুঁজতে হবে। একমাত্র আবাসস্থলটি হারিয়ে যাওয়ায় সোনালিমাথা ধানটুনি পাখিও অস্তিত্বহীনতার মধ্যে পড়ে যাবে। এ ছাড়া সুদূর সাইবেরিয়া, মধ্য এশিয়া কিংবা চীন থেকে উড়ে আসা পরিযায়ী পাখিগুলোর কী করুণ পরিণতি হয়েছে, আমরা জানি না। পরবর্তী বছরগুলোতে পরিযায়ী পাখির এখানে আসাও অনিশ্চিত হয়ে পড়েছে বলা যায়।

এখানকার পাখিরা চা-বাগানের জন্য মোটেই ক্ষতির কারণ ছিল না; বরং কীটপতঙ্গ ও আগাছার বীজ খেয়ে বাগানের উপকারই করত সেগুলো। এ ছাড়া মৌলভীবাজার বন বিভাগের কর্মকর্তা ও পাখিবিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে পক্ষিনিবাসটি সংরক্ষণের প্রতিশ্রুতিও দিয়েছিল বাগান কর্তৃপক্ষ।

কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রাখেনি। এখন মালিক কর্তৃপক্ষ জানিয়েছে, যে ক্ষতি হয়েছে, তা পূরণে তারা সচেষ্ট হবে। পক্ষিনিবাসটি তারা সংরক্ষণে সক্রিয় উদ্যোগ নেবে।

আমরা কী করে তাদের এ কথায় আস্থা রাখব, নাকি এবারের প্রতিশ্রুতিও কথার কথাই থেকে যাবে? চা-বাগান কর্তৃপক্ষকে তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে হবে। বন বিভাগ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।