সম্পাদকীয়
সম্পাদকীয়

সুন্দরবনে হরিণ শিকার

চোরা শিকারিদের যেকোনো উপায়ে থামান

পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে সবচেয়ে বেশি দেখা মেলে যে প্রাণীর, তা হলো হরিণ। ২০২৩ সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) জরিপ অনুযায়ী, সুন্দরবনে হরিণের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। কিন্তু একই সঙ্গে বেড়েছে চোরা শিকারিদের অবৈধ হরিণ শিকারও।

বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তৎপরতা সত্ত্বেও সুন্দরবনে চোরা শিকারি চক্রের হরিণ শিকার থামছে না। বনসংলগ্ন এলাকায় গোপনে বিক্রি হচ্ছে হরিণের মাংস। সুন্দরবন–সংলগ্ন এলাকা থেকে মাঝেমধ্যেই উদ্ধার হয় এই মাংস।

বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, ৩০টির বেশি চোরা শিকারি চক্র সুন্দরবনে ফাঁদ পেতে নির্বিচার হরিণ নিধন করছে। গত এক বছরে সুন্দরবন–সংলগ্ন কয়রা উপজেলা থেকে ৩৩৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে সুন্দরবনের সত্যপীরের খাল এলাকা থেকে ৮০ কেজি হরিণের মাংস উদ্ধার করে বন বিভাগ। এর আগে ৩ জানুয়ারি ৩৪ কেজি হরিণের মাংসসহ এক যুবককে গ্রেপ্তার করে কয়রা থানা–পুলিশ।

যথেচ্ছভাবে হরিণ শিকারের জন্য সুন্দরবনের জীববৈচিত্র্যও হুমকির সম্মুখীন হচ্ছে। হরিণ শিকার শুধু পরিবেশের জন্য বিপজ্জনক নয়, এটি সুন্দরবনের সুরক্ষিত বাস্তুসংস্থানকেও ধ্বংস করতে পারে। বাঘের প্রধান খাবার হরিণ। যখন হরিণের সংখ্যা কমে যাবে, তখন বাঘ খাবারের জন্য সুন্দরবন–সংশ্লিষ্ট লোকালয়ে হাজির হতে পারে—এমন আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন বিভাগের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। বন বিভাগের টহল বাড়ানো, চোরা শিকারিদের ধরার জন্য বিশেষ অভিযান এবং কার্যকরভাবে আইন প্রয়োগের মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব।

একটা বিষয় উল্লেখ করতেই হবে, সুন্দরবন–সংলগ্ন এলাকাগুলোর বাসিন্দাদের জন্য বিকল্প জীবিকা এবং সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনজীবীরা জীবিকার জন্য যখন অন্য কোনো উপায় পান না, তখন তাঁদের মধ্যে কেউ কেউ চোরা শিকারি চক্রে যোগ দেন—এমন অভিযোগ রয়েছে। বন সংরক্ষণের জন্য স্থানীয় জনগণকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে, যাতে তাঁরা বনসংলগ্ন জীববৈচিত্র্যের গুরুত্ব বুঝতে পারেন এবং অবৈধ শিকার থেকে বিরত থাকেন।

এরই মধ্যে বনে শিকার বন্ধ এবং শিকারিদের ধরতে ১১ পরিকল্পনা নিয়ে অভিযান শুরু করেছে বন বিভাগ। এর মধ্যে রয়েছে প্রতিটি স্টেশন ও টহল ফাঁড়িতে নতুন করে হরিণশিকারিদের নামের তালিকা প্রস্তুত করা, হরিণের মাংসের সম্ভাব্য ভোক্তার উৎস চিহ্নিত করা এবং অপরাধ উদ্‌ঘাটনের পর দ্রুত সময়ে মামলা দেওয়া ইত্যাদি।

সুন্দরবন এবং এর প্রাণীদের রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। যেকোনো মূল্যে আমাদের এই দায়িত্ব পালন করতে হবে। তাই পরিকল্পনাগুলো বাস্তবায়নে বন বিভাগ যথাযথভাবে কাজ করবে এবং সরকারের অন্য সংস্থাগুলোও তাতে সহযোগিতা করবে—এটাই আমাদের প্রত্যাশা।