
সম্প্রতি কয়েক ঘণ্টার বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় অচল হয়ে পড়ে রাজধানীর বেশির ভাগ এলাকা। দীর্ঘ সময় রাজধানীর অনেক এলাকা পানিতে ডুবে ছিল। এতে পানিনিষ্কাশনে সিটি করপোরেশনের ব্যর্থতার বিষয়টি আবারও আলোচনায় উঠে আসে। সেখানে একটি বিষয়ে সবাই একমত, ঢাকার খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় শহরটির এমন পরিণতি। নানা সময়ে চেষ্টা করেও খালগুলো দখলমুক্ত করা যায়নি। আবার সেটি চাইলেই যে সম্ভব, সেই উদাহরণও আমরা দেখতে পাচ্ছি। মোহাম্মদপুরে খাল ভরাট করে গড়ে তোলা অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ করার পর এলাকাটি এখন সবুজ হয়ে উঠেছে। বিষয়টি খুবই আশাব্যঞ্জক।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, মোহাম্মদপুরের বছিলার লাউতলা খালের প্রায় ২০০ মিটার জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল অবৈধ ট্রাক টার্মিনাল। আশপাশে গড়ে উঠেছিল গাড়ির যন্ত্রাংশ মেরামত ও বিক্রির দোকান। টার্মিনালটিকে ঘিরে মাসে লাখ লাখ টাকার বাণিজ্য করতেন ট্রাকচালক ইউনিয়নের নেতারা। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ধারাবাহিক তৎপরতায় খালের সেই জায়গা সফলভাবে দখলমুক্ত করা সম্ভব হয়েছে। এর জন্য সংস্থাটিকে আমরা সাধুবাদ জানাই।
গত বছরের জানুয়ারিতে অভিযান চালিয়ে অবৈধ ট্রাক টার্মিনালটি উচ্ছেদ করে ডিএনসিসি কর্তৃপক্ষ। উদ্ধারকৃত জায়গা যাতে পুনরায় বেদখল না হয়, সে জন্য অভিযানের পরই সেখানে খাল খনন করে তারা। এর প্রায় সাত মাস পর সেখানে প্রায় দুই হাজার বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে সংস্থাটি। এক বছর পর অবৈধ টার্মিনালের রুক্ষ জায়গাটিতে এখন দেখা মিলছে একখণ্ড সবুজের। মানুষ কল্পনাও করেনি এমন সুন্দর একটি প্রকৃতি এখানে গড়ে তোলা সম্ভব। স্থানীয় বাসিন্দারা বলছেন, এখন জায়গাটি এত সবুজ হয়েছে যে তাকাতেই ভালো লাগে। ওই দিক থেকে আসা বাতাসও ঠান্ডা। অথচ আগে সারাক্ষণ শুধু যন্ত্রের আওয়াজ, ধোঁয়া, পোড়া মবিল ও তেলের গন্ধ নাকে আসত। খাল পুনরুদ্ধারে দরকার একমাত্র সদিচ্ছা, এর মধ্য দিয়ে সেটিই প্রমাণিত হলো।
দিনের বেলায় এলাকাবাসী সন্তানদের নিয়ে হাঁটাহাঁটি করেন, ঘুরে বেড়ান। তবে সন্ধ্যা হলেই গাছপালায় ঢাকা খালপাড়ের পরিবেশটা অন্য রকম হয়ে যায়। সেখানে সিটি করপোরেশন কিংবা পুলিশের কোনো নজরদারি নেই। সিটি করপোরেশনের বাতিগুলোও প্রায়ই বন্ধ থাকে। এই সুযোগে অন্ধকারে অনেকেই সেখানে মাদক সেবন করেন। এ বিষয়ে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, পার্কের নির্মাণকাজ করার পর স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। তখন ওই সমস্যাগুলো থাকবে না। এ ছাড়া সেখানে একটি পার্ক নির্মাণেরও পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। আমরা আশা করব, এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হবে। লাউতলার মতো অন্যান্য খালও দখলমুক্ত হোক, সেটিই কাম্য।