দেশের নদী দখলদারদের তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কমিশনের বর্তমান চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরীর বিরুদ্ধে সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। বর্তমান চেয়ারম্যানও এসব অভিযোগের জবাব দিয়েছেন। দখলদারদের তালিকা, তাদের রক্ষাসহ নানা অভিযোগ নিয়ে দুজনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ।

প্রথম আলো: দখলদারদের বাঁচাতে আপনি তালিকা বাতিল করছেন। নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান হাওলাদারের এই অভিযোগের জবাবে কী বলবেন?
মনজুর আহমেদ চৌধুরী: দখলদারদের তালিকা বাতিলের প্রশ্নই আসে না। সারা দেশে নদ-নদীর ৬৮ হাজার দখলদারের একটি তালিকা আমাদের ওয়েবসাইটে আছে। একটি প্রকল্পের মাধ্যমে আমরা ওই তালিকা আরও সঠিকভাবে তৈরির কাজ করছি। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি প্রশাসনের মাধ্যমে তালিকার ভুলভ্রান্তি সংশোধন করে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে। সাবেক চেয়ারম্যানের অভিযোগ সঠিক নয়। তিনি কোনো একটি বিশেষ উদ্দেশ্যে কমিশনকে বিতর্কিত করতে এসব কথা বলছেন।
প্রথম আলো: অভিযোগ আছে, আপনার আত্মীয়স্বজনকে বাঁচাতে তালিকা সংশোধন করেছেন। কী বলবেন?
মনজুর আহমেদ চৌধুরী: আমার বাড়ির পাশের আড়িয়াল খাঁ নদীতে কমিশনের প্রকল্পের মাধ্যমে যে জরিপ হয়েছে, তা পূর্ণাঙ্গ হয়নি। প্রকল্পের কারিগরি দলের সঙ্গে কথা বলে জেনেছি, জরিপের পদ্ধতিতেও ভুল ছিল। ফলে সেখানে কারা দখলদার, তার কোনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি। আমার কোনো আত্মীয়স্বজন দখলদার, এটা প্রমাণ করতে পারলে আমি অবশ্যই তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করব। মুজিবর রহমান হাওলাদার অসৎ উদ্দেশ্যে এসব কথা প্রচার করে বেড়াচ্ছেন না।
প্রথম আলো: বর্তমান তালিকা কবে নাগাদ চূড়ান্ত করে প্রকাশ করবেন?
মনজুর আহমেদ চৌধুরী: মাত্র তিনটি জেলার সংশোধিত তালিকা আমাদের কাছে এসেছে। ৪৮টি জেলা থেকে তালিকা আসলে তা যাচাই-বাছাই করে তারপর আমরা প্রকাশ করব। প্রাথমিক তালিকা এলেই ওয়েবসাইটে তুলে দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ভুল তথ্য দিলে তার দায়ভার তো আমাদের ঘাড়ে পড়বে। আমাদের প্রাথমিক তালিকায় কার নাম আছে বা নেই, তা সাবেক চেয়ারম্যান কীভাবে জানলেন। আমরা কাউকে রক্ষা করতে চাচ্ছি, তিনি সেটা কীভাবে বুঝলেন। তিনি তো আর এখানে নেই। তাহলে তিনি আমাদের তথ্য কীভাবে পেলেন।
প্রথম আলো: অভিযোগ উঠেছে, আপনি চেয়ারম্যান হওয়ার পর দখলদার উচ্ছেদ কমে গেছে। দেশের নদ-নদীর অবস্থা জানতে আপনি মাঠে যান না।
মনজুর আহমেদ চৌধুরী: নদী দখল উচ্ছেদের নামে যাতে কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করা না হয়, তা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। কারণ, নদীর গতিপথ বদল হয়। নদীর মরে যাওয়া অংশে অনেক দরিদ্র মানুষ অস্থায়ী ঘর করে বসতি করে। তাদের দখলদার হিসেবে চিহ্নিত করে অপরাধী বানানোর পক্ষে আমি নই। আমি চেয়ারম্যান হওয়ার পর উচ্ছেদ বন্ধ হয়নি। বরং আগের চেয়ে আরও বেশি কার্যকর ও সঠিকভাবে তা চলছে।
প্রথম আলো: সাবেক চেয়ারম্যানের দাবি, দেশের ভূমি ও নদীবিষয়ক আইন নিয়ে আপনার ধারণা কম। আপনি অনেক কিছু না বুঝে ও কারও মাধ্যমে প্রভাবিত হয়ে কাজ করছেন।
মনজুর আহমেদ চৌধুরী: আমি সরকারি কর্মকর্তা হিসেবে দেশের বিভিন্ন স্থানে ভূমি নিয়ে কাজ করেছি। দেশের ভূমি ও নদী আইন এবং প্রতিবেশব্যবস্থা নিয়ে কাজ করেছি। বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। কাজ করার যথেষ্ট জ্ঞান আমার আছে। আর আমরা তিন পুরুষ ধরে জমিদার। আমাদের পরিবারের অনেক জমিজমা আছে। সে বিষয়গুলো আমি দেখাশোনা করি। আমাকে নিয়ে এ ধরনের মন্তব্য তাঁর মতো মানুষের ঠিক হয়নি। কারও মাধ্যমে প্রভাবিত হয়ে কাজ করার সুযোগ নেই। বরং সাবেক চেয়ারম্যান কিছু এনজিওদের স্বার্থে বর্তমান কমিশনকে বিতর্কিত করতে অপপ্রচার চালাচ্ছেন।
প্রথম আলো: আপনি একই সঙ্গে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও নদী কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এটা আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেছেন সাবেক চেয়ারম্যান।
মনজুর আহমেদ চৌধুরী: আমি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকলেও সেখান থেকে কোনো সম্মানী নিই না। তা ছাড়া সরকারের অনুমতি নিয়েই আমি দুটি সংস্থার চেয়ারম্যান হয়েছি। তাতে সাবেক চেয়ারম্যানের সমস্যা কোথায়।