দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ সালে ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এমনই তথ্য দিয়েছেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশন। গবেষণায় দেখা যায়, আত্মহত্যাকারীদের ৬১ শতাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
দেশের যেকোনো শিক্ষার্থীর ইচ্ছা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এ জন্য তাঁদের পার করে আসতে হয় ভর্তিযুদ্ধ। অনেক কঠিন পরিস্থিতি পেরিয়ে অবশেষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব হয়। কিন্তু সেই পাবলিক বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে আত্মহত্যার প্রবণতা।
আত্মহত্যার আগে শিক্ষার্থীরা লিখে যাচ্ছেন ব্যক্তিগত নোটও। নোটের ভাষ্যে থাকে, মূলত সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক কলহ, পড়ালেখার চাপ ও আর্থিক অনাটনের কারণে আত্মবিধ্বংসী এসব সিদ্ধান্ত নিচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়া মাদকাসক্ত হয়েও আত্মহননের মতো অনেক সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় বসছে মাদকের আখড়া। ক্যাম্পাসের পাশেই বিভিন্ন টংদোকানে পাওয়া যাচ্ছে মাদকের মতো পণ্য।
গত বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডাব বিক্রেতার ভ্যান থেকে দা নিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনার তদন্তে নেমে পুলিশ ভয়ংকর মাদকের সন্ধান পায়। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রকাশ্যে মাদক গ্রহণের খবর গণমাধ্যমে এলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর পরিবারকে ডেকে পাঠায়।
এ ছাড়া সম্প্রতি বেশ কয়েকজন শিক্ষার্থী সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন, যা আমাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতি সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বাবার ডায়েরিতে ‘চোরাবালির মতো ডিপ্রেশন বেড়েই যাচ্ছে, মুক্তির পথ নেই, গ্রাস করে নিচ্ছে জীবন, আর মেনে নিতে পারছি না’ লিখে আত্মহত্যা করেন।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির একটি বহুতর ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সুইসাইড নোটে ওই শিক্ষার্থী লেখেন, ‘আমার জীবন একটা ব্যর্থ জীবন। না পারলাম বাবা-মাকে খুশি করতে, না পারলাম অন্য কাউকে খুশি করতে। একটা ঘটনা জানার পর যখন কেউ চুপ থাকে, তখন সত্যিই সবকিছু অর্থহীন মনে হয়। আমি গেলে কিছু আসবে যাবে না, আমি জানি।’ এ ছাড়া গত ২৯ জুন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের নেতা সাদাত মাহমুদ ব্যক্তিগত নোট লিখে আত্মহত্যা করেন।
গবেষণায় দেখা যাচ্ছে, ২০১৯ সালে দিনে গড়ে ৩২ জন আত্মহত্যার চিন্তা করেছেন, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। বাংলাদেশে প্রতি ১ লাখ জনসংখ্যার বিপরীতে আত্মহত্যাকারীর সংখ্যা প্রায় ৪০। এ ছাড়া দেশের নারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। কিন্তু এ নিয়ে প্রাতিষ্ঠানিক কোনো নজরদারি নেই। এমনকি সমন্বিত কোনো কৌশলও নেই। বাংলাদেশে বিষয়টি জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হলেও কর্তৃপক্ষের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। আত্মহত্যাকে যেন সমস্যা বলে মনে করছে না কেউ।
আঁচল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত বছর দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট নয়জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
করোনাকালীন অনিশ্চয়তা ও নিষ্ক্রিয়তা এসব টানাপোড়েনকে আরও বেশি প্রকট করে তুলেছে, যারই প্রতিফলন দেখা যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। দেশের মেধাবী শিক্ষার্থীদের এমন আত্মহননকারী সিদ্ধান্ত রুখতে কোনো ব্যবস্থা নিতে পারছে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীদের হতাশা দূর করতে নেই কোনো মনোরোগ বিশেষজ্ঞ।
তাই দেশের মেধাবীদের রক্ষা করতে বিশ্ববিদ্যালয়গুলোয় মনোরোগবিশেষজ্ঞ এখন সময়ের দাবি। সেইসঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষার্থীর মধ্যে কার্যক্রম ও সচেতনতা বাড়াতে হবে।
রুহুল আমিন
শিক্ষার্থী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সদস্য, যবিপ্রবি সাংবাদিক সমিতি