প্রতিবছর এপ্রিল থেকে জুন পর্যন্ত হালদায় কার্পজাতীয় মা মাছেরা ডিম ছাড়ে, যা এ দেশের অন্যান্য নদীতে হয় না। তাই হালদাকে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র বলা হয়। প্রতিবছর এ সময়ের জন্য অপেক্ষা করেন জেলে ও ডিম সংগ্রহকারীরা। এ বছরও বেশ কয়েক দিন ধরে ঢলের অপেক্ষা করছিলেন ডিম সংগ্রহকারীরা। তবে গত সোমবার সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। ভোর রাতে হালদায় ডিম ছাড়ে মা মাছ। আর সেই ডিম সংগ্রহে ছোট ছোট নৌকা আর মশারি জাল নিয়ে ব্যস্ত সময় পার করেন শত শত ডিম সংগ্রহকারী। চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মাছুয়াঘোনা এলাকায় হালদায় ডিম সংগ্রহের ছবিগুলো গত সোমবার বেলা একটায় তোলা।