করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে। দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে পুরো মাঠ ও শহর। ঈদের দিন সকাল ১০টায় শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৫তম ঈদের জামাত শুরু হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা পর্ষদ সূত্র জানায়, শোলাকিয়ার প্রায় ৭ একর আয়তনের ঈদগাহের মূল মাঠে নামাজে প্রায় ২৫০টি কাতার থাকবে। প্রতিটি কাতারে ৬০০ থেকে ৭০০ জন মুসল্লি নামাজ আদায় করার সুযোগ পাবেন। মূল মাঠের চারপাশে আরও অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে থাকবেন পুলিশ, র্যাব ও আনসারের সদস্যরা।