পুঁটিমারি বিলে ঘোড়দৌড়

সদ্য কাটা আমনের ফাঁকা মাঠের ওপর হাজার হাজার দর্শক। কেউবা বসে, কেউবা দাঁড়িয়ে। মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় জেকেএস ক্রীড়া সংস্থা ঘোড়দৌড় অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন জেলা-উপজেলা থেকে ২৬টি ঘোড়া ও সওয়ারিরা এসেছিলেন এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। সওয়ারিদের বেশির ভাগই শিশু। এ ধরনের প্রতিযোগিতায় শিশুদের ব্যবহার ঝুঁকিপূর্ণ। ঘোড়ায় সওয়ারি শিশুদের সুরক্ষায় কোনো ব্যবস্থাও রাখা হয় না সাধারণত।

গত শুক্রবার দুপুরের পর আশপাশের গ্রাম-শহর থেকে হাজারো মানুষ উপভোগ করতে আসে ঘোড়াদৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১০ হাজার, দ্বিতীয় ৭ হাজার এবং তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা। ছিল সান্ত্বনা পুরস্কার ১ হাজার টাকা। এ আয়োজনকে ঘিরে খুলনার রূপসার ১ নম্বর আইচগাতি ইউনিয়নের পুঁটিমারি বিলের মাঠের দৃশ্য নিয়ে ছবির গল্প।

দুপুরের পর আগেভাগে এসে মাঠে বসে আছেন দর্শকেরা।
বাবার সাইকেলে করে ঘোড়াদৌড় দেখতে এসেছে এক শিশু।
একে একে ঘোড়া নিয়ে মাঠে প্রবেশ করছেন সওয়ারিরা।
হাজারো দর্শক ভিড় করে দাঁড়িয়ে আছেন।
শুরুর সময়ে মনে হয় সবাই সমান গতিতে দৌড়াচ্ছে।
সময়ের সঙ্গে সঙ্গে ব্যবধান বাড়ে এক ঘোড়ার সঙ্গে অন্য ঘোড়ার।
এ এক কৌশল, সওয়ারি ঘোড়ার এক চোখ হাত দিয়ে ঢেকে দিয়েছে।
বেলা শেষের দিকে মেঘলা আকাশ। তখন পঞ্চমবারের শেষবার ঘোড়ার দৌড় চলছে।
অবশেষে ২৬ জনের মধ্যে প্রথম হওয়া প্রতিযোগী তাঁর ঘোড়া নিয়ে সবার আগে পৌঁছে গেছেন।