শীতের আগমনী বার্তার সঙ্গেই দূরদেশ থেকে ডানায় ভর করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে হাজির হয়েছে অতিথি পাখির ঝাঁক। ক্যাম্পাসের জলাশয়গুলো এখন মুখর পাখির কলকাকলিতে। কখনো দল বেঁধে নীল আকাশে ওড়াউড়ি, কখনো আপন খেয়ালে স্বচ্ছ জলে ডুবসাঁতার—সব মিলিয়ে ক্যাম্পাসে নেমে এসেছে এক মায়াবী পরিবেশ। কেউ কেউ আবার নিশ্চিন্তে পালকের ভেতর মুখ গুঁজে মিষ্টি রোদ পোহাতে ব্যস্ত। পাখিদের জলকেলি, ওড়াউড়ি আর বিচরণে মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
