চট্টগ্রাম নগরের পুরোনো অংশে বিকেলের আলো একটু নরম হলেই ব্যস্ততা বাড়ে আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে। শামিয়ানা টানানো চত্বরে সারি সারি প্লেট সাজানো, বড় টেবিলে পেঁয়াজু–বেগুনি–ছোলা–মুড়ি ভাগ করে দিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। পাশেই বিশাল ড্রামে রুহ আফজা, লেবু আর চিনি মিশিয়ে তৈরি হচ্ছে লালচে শরবত।
এমন আয়োজন চলছে টানা ২৪ বছর। ইফতারের সময় ঘনিয়ে এলে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন হাজারো রোজাদার—দূরদূরান্ত থেকে আসা মানুষ, পথচারী, শ্রমজীবী, দোকানকর্মী, শিক্ষার্থী। একসারি চাটাইয়ে পাশাপাশি বসে এখানে একসঙ্গে ইফতার করেন হাজারো মানুষ। এসবের প্রস্তুতি, অপেক্ষা আর একসঙ্গে বসে ইফতার নিয়েই এই ছবির গল্প।