পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সড়ক ধরে এগিয়ে চলেছে বর্ণিল এক শোভাযাত্রা। কারও হাতে ঢাকার ঐতিহ্যের প্রতীক, কেউ সেজেছেন ইতিহাসের কোনো গুরুত্বপূর্ণ চরিত্রের আদলে। বড় ক্যানভাসে ফুটে উঠেছে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকার নানা ঐতিহাসিক স্থাপনা। কোথাও বাকরখানি, নান্না বিরিয়ানি ও বিউটি লাচ্ছির প্রতিকৃতি, আবার কোথাও স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকি। শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এমন নানা অনুষঙ্গ নিয়ে শুক্রবার বিকেলে পুরান ঢাকার সড়কে বের হয় ‘ঢাকা শোভাযাত্রা’। ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা লক্ষ্মীবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয়। পুরো আয়োজনে যেন অতীতের ঢাকা এসে মিশে যায় বর্তমানের নগরজীবনে। ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদ্যাপনের সেই আয়োজনের গল্প ছবিতে।
