কুশিয়ারা নদীর পাড়জুড়ে ময়লা-আবর্জনার স্তূপ। কোথাও বর্জ্যে ঢেকে গেছে নদীর চর, কোথাও ময়লার ভাগাড়ে ঘুরছে গবাদিপশু। বাজারের দোকান ও আশপাশের এলাকার আবর্জনা ফেলা হচ্ছে নদীতেই। দুর্গন্ধ আর ময়লা মাড়িয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। অথচ এই নদীর পানির ওপর নির্ভর করে এলাকার মানুষের জীবন-জীবিকা। ভারতের পাহাড়ি অঞ্চল থেকে আসা বরাক নদী বাংলাদেশের অমলসীদ সীমান্তে সুরমা ও কুশিয়ারা নামে দুই শাখায় বিভক্ত হয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর তীরজুড়ে এমন দূষণের চিত্র নিয়ে এই ছবির গল্প।