ঈদ সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীর কর্মজীবী মানুষ। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কেউ বাসে, কেউ ট্রেনে, আবার কেউ লঞ্চে করে ছুটছেন গ্রামের পথে। অতিরিক্ত যাত্রীর চাপে অনেককে ট্রেনের দরজায় কিংবা ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করতেও দেখা গেছে। দীর্ঘ ভোগান্তি আর যানজটের আশঙ্কা থাকলেও প্রিয়জনদের কাছে ফেরার আনন্দেই স্বস্তি খুঁজছেন যাত্রীরা।
