চট্টগ্রামের মৎস্যজীবীদের কাছে ছয় দশক ধরে আস্থার নাম পাথরঘাটার ‘রশির বাজার’খ্যাত ওমর আলী মার্কেট। কর্ণফুলী নদীর তীরঘেঁষা এ বাজারে মাছ ধরার জাল, রশি, সুতা ও জাল মেরামতের সরঞ্জামসহ নানা উপকরণ পাওয়া যায়। আনোয়ারা, বাঁশখালী, সীতাকুণ্ড, সন্দ্বীপ ও কক্সবাজারের উপকূলীয় এলাকার হাজারো জেলের সমুদ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাজারটি। জাল ছিঁড়ে গেলে বা রশি নষ্ট হলে দ্রুত সরঞ্জাম সংগ্রহের সুযোগ থাকায় ফিশারিঘাট–সংলগ্ন এ বাজার মৎস্য অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।