মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে প্রতিবছর হয় মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহারাস পূর্ণিমা উৎসবের আয়োজন। ১৮৪২ সাল থেকে চলে আসা এই আয়োজন এবার ১৮৪তম বছরে পা দিয়েছে। ধর্মীয় আচার, নৃত্য, সংগীত ও বর্ণিল সাজসজ্জায় উৎসবটি হয়ে ওঠে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির অনন্য প্রকাশ।
গত মঙ্গলবার দুপুরে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় এবারের আয়োজন। মৃদঙ্গের তাল, নৃত্যের ছন্দ আর কৃষ্ণলীলা দেখতে দিনভর মাধবপুরের জোড়া মণ্ডপে ভিড় করেন ভক্ত ও দর্শনার্থীরা। সন্ধ্যা নামতেই পূর্ণিমার আলোয় রাসলীলার নৃত্য ও পরিবেশনা উৎসবকে দেয় ভিন্ন মাত্রা।