বাংলার অন্যতম ঐতিহ্যবাহী মৃৎশিল্প টেপা পুতুল। নরম এঁটেল মাটি হাতে টিপে টিপে পুতুলে পরিণত করা হয় বলেই এর নাম টেপা পুতুল। বাংলার গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে এ টেপা পুতুল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। রাজশাহীর পবা উপজেলার বাগধানি বসন্তপুর এলাকায় পালরা বংশপরম্পরায় টেপা পুতুল তৈরি করে আসছেন। বৈশাখ বরণের উৎসবের আগে এই পুতুল তৈরিতে ব্যস্ত এখন তাঁরা। নির্দিষ্ট কোনো ছাঁচ বা ফর্মা ব্যবহার না করে সম্পূর্ণ হাতের আঙুলের মুনশিয়ানায় এ পুতুল তৈরি হয়। রোদে শুকিয়ে আগুনে পোড়ালে তৈরি হয় টেপা পুতুল।
