রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের কোয়ার্টারের প্রাচীর লাগোয়া অংশে বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে যোগ দেন। আগুনের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ ঘটনাস্থলের কাছে ভিড় করেন।