ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে নেমে এসেছে অপরূপ সৌন্দর্যের সোমেশ্বরী নদী। বাংলাদেশে প্রবেশ করেছে নেত্রকোনার দুর্গাপুরের রানীখং পাহাড়ের পাশ দিয়ে। পাহাড়ের পাশ ঘেঁষে বয়ে চলা নদী পর্যটকদের কাছে আকর্ষণীয়। কিন্তু নদীটি পড়েছে অস্তিত্বসংকটে। নদীর সর্বনাশ শুরু হয়েছে বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার ভাটি বিজয়পুর ও ভবানীপুর থেকে। এখান থেকে সাড়ে চার কিলোমিটার ভাটিতে অন্তত পাঁচটি বালুমহাল ঘোষণা করা হয়েছে। এসব বালুমহালে নিয়ম ভঙ্গ করে তোলা হচ্ছে বালু। নদীটিকে খুন করা হচ্ছে। একে বাঁচানোর কোনো ভাবনা যেন কারও মধ্যে নেই।
