বর্ষা বিদায়ের এই সময়ে আমড়া বেচাকেনায় জমজমাট দক্ষিণাঞ্চলের নদী-খালের হাটগুলো। ঝালকাঠি ও পিরোজপুরের আড়তে এখন চলছে মৌসুমি আমড়া কেনাবেচার ধুম। খুব ভোরে বাগান থেকে আমড়া পেড়ে ছোট ছোট নৌকায় করে হাটে নিয়ে আসেন চাষিরা। এরপর চলে দরদাম, ওজন মাপা, বাছাই ও বস্তাবন্দী করার কাজ। পাইকারদের হাত ঘুরে এসব আমড়া সড়কপথে পৌঁছে যায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে। ঝালকাঠির বিনয়কাঠি ও হিমানন্দকাঠি এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর, জিন্দাকাঠি ও আদমকাঠির হাটগুলো এখন আমড়াচাষি, পাইকার ও শ্রমিকদের উপস্থিতিতে মুখর। বর্তমানে আকার ও মানভেদে প্রতি মণ আমড়া বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। এই অঞ্চলের আমড়ার হাটের কিছু খণ্ডচিত্র নিয়ে এই ছবির গল্প।
