দুবাইয়ে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) ১৫তম আসরের পুরস্কার বিতরণী। এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘ফ্যামিলি’ বা পরিবার। পাঁচটি বিভাগে বিশ্বের ২০৯টি দেশের পাঁচ লাখের বেশি আলোকচিত্রীর অংশগ্রহণে জমা পড়ে ১০ লাখের বেশি ছবি। পরিবার ছাড়াও ছিল পোর্টফোলিও, স্পোর্টস ফটোগ্রাফি, জেনারেল এবং নতুন বিভাগ ‘ড্রিমস থ্রু এআই’। প্রতিযোগিতায় বাংলাদেশের শৌখিন আলোকচিত্রী পিনু রহমানের ছবি গ্র্যান্ড পুরস্কার পেয়েছে। গতকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মিউজিয়াম অব ফিউচারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি ও তথ্য হিপা কর্তৃপক্ষ থেকে পাওয়া।
