প্রতিবন্ধকতা আসবে। কিন্তু হাল ছাড়লে হবে না। আত্মবিশ্বাস আর সাহসের সঙ্গে লড়াই করে যেতে হবে। নিজের জায়গা করে নিতে হবে। এভাবে অধিকার প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় জানালেন নারীরা। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সাহসী সংগ্রামী নারীদের নিয়ে শনিবার আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ অনুষ্ঠানে তাঁরা এই প্রত্যয় জানান। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বরাবরের মতোই প্রথম আলো রাজধানীর ছায়ানট মিলনায়তনে নারী দিবস সামনে রেখে এ আয়োজন করে। এতে সহায়তা দিয়েছে সিটি ব্যাংকের নারী ব্যাংকিং ‘সিটি আলো’।এ আয়োজনে প্রথম আলো ও সিটি আলোর কর্মীরা ছাড়াও আমন্ত্রিত বিশিষ্ট নারীরা অংশ নিয়েছেন।
বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত নারীরা তাঁদের নিজেদের জীবন কাহিনি তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে লড়াই করেছেন, এমন কয়েকজন নারীকে নিয়ে ছিল একটি বিশেষ আয়োজন। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক’।