সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর সদর দপ্তরে গতকাল মঙ্গলবার ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ারের’ (এসএসএসডব্লিউ) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী আয়োজনে বিজিবি সদস্যরা ড্রোনের মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান পরিচালনার বিভিন্ন কৌশল মহড়ার মাধ্যমে প্রদর্শন করেন। এ সময় সীমান্ত দিয়ে পুশ ইন (জোরপূর্বক ঠেলে পাঠানো) ঠেকানো, চোরাকারবারিদের গতিবিধি শনাক্ত এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার কৌশলও তুলে ধরা হয়। সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ড্রোনভিত্তিক নজরদারির সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই প্রশিক্ষণ স্কুল চালু করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।