৬০০ বছরের পুরোনো মসজিদ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের প্রত্যন্ত পাথরাইল দিঘিরপাড় গ্রামে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৬০০ বছরের পুরোনো একটি মসজিদ। ‘পাথরাইল দিঘিরপাড় আউলিয়া মসজিদ’ নামের এই স্থাপনা বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন সংরক্ষিত প্রত্ননিদর্শন।

ইতিহাসবিদদের ধারণা, ১৩৯৩ থেকে ১৪১০ খ্রিষ্টাব্দের মধ্যে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর আমলে ‘আউলিয়া খান জামে মসজিদ’ নামে মসজিদটি নির্মিত হয়। এটির দক্ষিণ পাশে চিরনিদ্রায় শায়িত আছেন আউলিয়া মজলিশ আউলিয়া খান।
মসজিদটির নকশা ও স্থাপত্যশৈলীতে রাজশাহীর ছোট সোনা মসজিদ ও বাঘা মসজিদের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়। এটির মূল প্রবেশদ্বার পূর্ব দিকে। ভেতরের ছাদে সমান উচ্চতার ১০টি গম্বুজ রয়েছে। ছাদটি সামান্য বাঁকানো। প্রতিদিন দূরদূরান্ত থেকে মসজিদটি দেখতে আসেন অসংখ্য মানুষ। নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবিগুলো সম্প্রতি তোলা।

ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাথরাইল দিঘিরপাড় আউলিয়া মসজিদ
মসজিদ দেখতে এসেছেন দর্শনার্থীরা
মসজিদের কারুকার্য দেখছেন দর্শনার্থীরা
মসজিদে দৃষ্টিনন্দন কারুকার্য
মসজিদের ছাদের নকশা
মসজিদের পাশে রাখা আছে পুরোনো পাথরের পিলার