কান চলচ্চিত্র উৎসব চলছে। তারকাদের পদচারণে মুখর এখন ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় এই উপকূলীয় শহর। দিনের বেলা শহরজুড়ে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা শিল্পী, নির্মাতা, সমালোচক ও গণমাধ্যমকর্মীদের দেখা মেলে। আর রাত হলে কানের সাগরপাড় জমে ওঠে এক ভিন্ন আয়োজনে। বিশাল পর্দা, খোলা আকাশ ও সাগরের ঢেউয়ের গর্জনে মিশে পাড়ের উন্মুক্ত প্রাঙ্গণে চলে বিশেষ সিনেমা প্রদর্শনী। সৈকতের বালুর ওপর বসেই দর্শকেরা উপভোগ করেন বিশ্ব সিনেমার নানা ধ্রুপদি ও সমকালীন চলচ্চিত্র। স্থানীয়ভাবে এটি পরিচিত ‘দো লা প্লাজ’ নামে। চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক আয়োজনের বাইরে এ প্রদর্শনী দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।
