একসময় যে গ্রামে একসঙ্গে ১৩ জন জমিদার বাস করতেন, সে এলাকা ছিল বৃহত্তর পাবনার অন্যতম অভিজাত এলাকা ও বাণিজ্যকেন্দ্র। সেখানে শুধু জমিদারেরাই নন, সম্ভ্রান্ত ও বিত্তশালী ব্যক্তিরা বাস করতেন। কালের বিবর্তনে বিলীনের পথে ১০০ বছর আগের সম্ভ্রান্ত সে জগৎ। ১৯০০ সালের পর থেকে গ্রামটিতে বাড়তে থাকে জমিদারের সংখ্যা। একপর্যায়ে গ্রামে বসবাসকারী জমিদারের সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৩। জমিদারদের প্রত্যেকেই বাস করতেন প্রাচীরঘেরা অট্টালিকায়। অট্টালিকার পাশে বেশির ভাগেরই ছিল শানবাঁধানো বড় পুকুর অথবা দিঘি। দখল ও দূষণে অবশিষ্ট পাঁচ থেকে ছয়টি পুকুরও রীতিমতো পরিত্যক্ত। জমিদারদের অট্টালিকাগুলোর অবস্থাও করুণ। প্রাচীন নিদর্শনগুলো সংরক্ষণের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ না নিলে অচিরেই হারিয়ে যাবে শেষ চিহ্নটুকুও। এমন বর্ণাঢ্য গ্রাম এবং এর ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য একে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করা এখন সময়ের দাবি। পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামের ১৩ জমিদারের শেষ স্মৃতিচিহ্ন নিয়ে এ ছবির গল্প।
