একঝলক (৩১ মে, ২০২২)

গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশ সম্প্রসারণের সময় মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই কার্পেটিংয়ের কাজ সমাপ্ত করা হয়েছে। এর ফলে ওই সড়কে চলতে গিয়ে যানবাহনের চালকদের বেশ বেগ পেতে হয়। গোয়ালন্দ, রাজবাড়ী, ৩১ মে
ছবি: এম রাশেদুল হক
গোয়ালন্দে পদ্মা নদীতে স্থানীয় জেলের জালে প্রায় ২৬ কেজি ওজনের এ বাগাড় মাছ ধরা পড়েছে। ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রেখেছেন। গোয়ালন্দ, রাজবাড়ী, ৩১ মে
নগরের বিভিন্ন এলাকায় নালা সংস্কারের কাজ করছে সিটি করপোরেশন। ব্যস্ত সড়কের পাশে নির্মাণসামগ্রী ফেলে রাখায় এসব সড়কে যান ও মানুষ চলাচলে ভোগান্তি পোহাতে হয়। সড়ক সংকুচিত হয়ে পড়ায় দিনভর লেগে থাকে যানজট। বন্দরবাজার, সিলেট, ৩১ মে
চাকরির সামান্য বেতনে সংসার চলে না প্যারামেডিকেল পাস করা রোকনুজ্জামানের। তাই প্রতিদিন সকালে পথের ধারে চেয়ার–টেবিল বসিয়ে ডায়াবেটিস, ওজন, রক্তচাপ মেপে বাড়তি আয় করছেন। কালেক্টরেট সুরভি উদ্যান, রংপুর, ৩১ মে
বেলা শেষে পশ্চিম আকাশে অস্তাচলে রক্তিম সূর্য। তবুও কাজ শেষ হয়নি কৃষকের। ঝড়-বৃষ্টিতে যেন নষ্ট না হয়, তাই খড়ের গাদা তৈরি করে রাখা হচ্ছে। পদ্মা ঘাট সড়ক, দোগাছি, পাবনা, ৩০ মে
‘শিক্ষা বাঁচাও, শিক্ষাঙ্গন বাঁচাও’ ব্যানারে সংবাদ সম্মেলন করেন ডাকসুর সাবেক নেতারা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৩১ মে
ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত আলোচনায় বক্তব্য দিচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৩১ মে
লক্ষ্মীবাজার এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্মাণ করা দুটি খেলার মাঠের মধ্যে একটি ব্যবসায়ীদের অনুরোধে বন্ধ করে রাখা হয়েছে। বন্ধ মাঠের মধ্যে রাখা হয়েছে ফুলের টব আর জমে আছে বৃষ্টির পানি। লক্ষ্মীবাজার, ঢাকা, ৩১ মে
বেপরোয়া গতিতে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ। অল্পের জন্য রক্ষা পেলেন বাসের যাত্রীরা। ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক, আমিরাবাদ, দাউদকান্দি, কুমিল্লা, ৩১ মে
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়ছার নগরের রামঘাট এলাকায় নেতা–কর্মীদের নিয়ে জনসংযোগ করেন। কুমিল্লা, ৩১ মে
পদ্মার বুকে জেগে ওঠা চরের মাটি প্রতিবছরই অবৈধভাবে উত্তোলন করা হয়। পুলিশি অভিযান হওয়ায় মাঝে কিছুদিন বন্ধ থাকার পর আবারও মাটি কাটা শুরু করেছে প্রভাবশালী একটি মহল। চর কোমরপুর, দোগাছি, পাবনা, ৩১ মে
জোয়ারের ঢেউয়ের আঘাতে নাফ নদীর তীরে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলাবিশিষ্ট একটি সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবনটি ভাঙনের হুমকির মুখে পড়েছে। ভাঙন থেকে রক্ষা পেতে ফেস্টুন হাতে বিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা। শাহপরীর দ্বীপ, টেকনাফ, ৩১ মে
খুলনা-যশোর মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করছে নছিমন, থ্রি-হুইলার, ভ্যানসহ অবৈধ যান। মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণই এসব যানবাহন। শিরোমনি, খুলনা শহর, ৩১ মে
হাইভোল্টেজ বৈদ্যুতিক ট্রান্সফর্মারের কিছু দূরত্বেই স্লাইডারে খেলা করছে স্কুলের শিশুরা। লক্ষ্মীবাজার এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্মাণ করা মাঠের ভেতরে অপরিকল্পিতভাবে রাখা হয়েছে এসব খেলার সরঞ্জাম। লক্ষ্মীবাজার, ঢাকা, ৩১ মে
ওএমএসের ট্রাক থেকে চাল কিনতে আসা মায়ের সঙ্গে ছিল ছোট্ট শিশু রহিমা। মা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায়, এ সময় সে ট্রাকের নিচে পড়ে থাকা চাল কুড়াচ্ছে। মোহাম্মদপুর, ঢাকা, ৩১ মে