একঝলক (৩১ আগস্ট, ২০২৩)

সরকারি অনুমতি নিয়ে কাপ্তাই হ্রদে মাছ ধরা যাবে ১ সেপ্টেম্বর প্রথম প্রহর থেকে। এ জন্য মাছ পরিবহনের ড্রামে রং ও নম্বর দিয়ে রাখা হচ্ছে। ফিশারিজ ঘাট, রাঙামাটি ৩১ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
সবজি হিসেবে শাপলার কদর রয়েছে। নিচু জমির পানিতে ফুটে থাকা শাপলা তুলছে শিশুটি। দীঘি, সদর, মানিকগঞ্জ, ৩১ আগস্ট
পাহাড়ে মাল্টার ফলন হয়েছে বেশ। বাজারে খুচরা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। বনরূপা, রাঙামাটি, ৩১ আগস্ট
পথের ধারে কচুর মুখি ও কলার মোচা সাজিয়ে বসেছেন সাবু মণ্ডল। প্রতি কেজি কচুর মুখি বিক্রি করছেন ৩০ টাকায়। সার্কিট হাউসের সামনের সড়ক, বগুড়া, ৩১ আগস্ট
বাঁশ-বেত দিয়ে ওড়া, কুলা, ডালা, খাচিসহ নানা ধরনের পণ্য তৈরি করে তাঁদের। পাইকাররা এসব পণ্য কিনে নিয়ে জেলার বিভিন্ন বাজারে নিয়ে খুচরা বিক্রি করেন। আড়াইওরা গ্রাম, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ৩১ আগস্ট
ঝিনাই নদী দিয়ে নৌকায় গরুর খাদ্য খড় নিয়ে যাওয়া হচ্ছে। শিশু এলাকা, সরিষাবাড়ী উপজেলা, জামালপুর, ৩১ আগস্ট
চারালকাটা নদীর ওপর স্থানীয় লোকজনের উদ্যোগে নির্মাণ করা হয়েছে কাঠের সাঁকো। এতে উপকৃত হচ্ছেন নদীর দুই পারের বাসিন্দারা। নাওঘাট এলাকা, জলঢাকা উপজেলা, নীলফামারী, ৩০ আগস্ট  
ব্যস্ততম সড়কের পাশে ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। এতে ভোগান্তি নিয়ে চলছেন পথচারীরা। সড়কে সৃষ্টি হয়েছে যানজট। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, সিলেট, ৩১ আগস্ট
এ সময় সুরমা নদীতে পানি বেশি থাকে। ফলে বিভিন্ন এলাকা থেকে নৌকায় করে সিলেটে বেড়াতে আসেন মানুষজন। কাজীরবাজার এলাকা, সিলেট নগর, ৩১ আগস্ট  
আড়ত থেকে পাইকারি দরে কলা কিনে ভ্যানে করে নেওয়া হচ্ছে খুচরা দোকানে। কদমতলী এলাকা, সিলেট নগর, ৩১ আগস্ট
ট্রাকে তোলা হচ্ছে কলা। এসব কলা যাবে দেশের বিভিন্ন জেলায়। শ্যামপুর এলাকা, সদর উপজেলা, রংপুর, ৩১ আগস্ট
মাছ ধরতে যাবেন। এর আগে ডারকি ঠিক করছেন এক জেলে। ডারকি হলো মাছ ধরার জন্য বাঁশের তৈরি একধরনের বিশেষ ফাঁদ। বৈকুণ্ঠপুর, সদর উপজেলা, রংপুর, ৩১ আগস্ট
সবজির আড়তে খুচরা ব্যবসায়ীদের ভিড়। এখান থেকে সবজি কিনে তাঁরা খুচরা বিক্রির জন্য বিভিন্ন এলাকায় নিয়ে যান। দৌলতপুর, খুলনা, ৩১ আগস্ট  
কারখানা থেকে গুড়ের তৈরি মুড়ালি নিয়ে যাওয়া হচ্ছে খুচরা দোকানে। মেন্দিবাগ এলাকা, সিলেট নগর, ৩১ আগস্ট  
সিদ্ধ ধান বাড়ির পাশে সেতুর ওপর রোদে শুকাতে দিয়েছেন গৃহবধূ জাহানারা বেগম। মোস্তফা ডাঙ্গী এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ৩০ আগস্ট
বৃষ্টিতে বুড়িগঙ্গা নদীর পানি বেড়েছে। সেই সুযোগে নদীর তীরের বাসিন্দাদের অনেকে জাল নিয়ে মাছ ধরতে নেমেছেন। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা। ৩১ আগস্ট
কচুরিপানায় ভরে গেছে আদি বুড়িগঙ্গা চ্যানেল। দড়ি দিয়ে কচুরিপানা বেঁধে চলাচলের পথ তৈরি করেছেন মাঝিরা। কামরাঙ্গীরচর এলাকা, ঢাকা। ৩১ আগস্ট
বাজারে বিক্রি করতে খেত থেকে লাউ তুলে স্তূপ করছেন কৃষক। বাজারে এখন প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। মিরসরাইয়ের মঘাদিয়া এলাকা। ৩১ আগস্ট
মহাসড়কের পাশে জলাশয়ে ফুটে আছে লাল শাপলা। চলতি পথে এই সৌন্দর্য উপভোগ করেন পথিকেরা। ঢাকা-পাবনা মহাসড়ক, রাজাপুর, পাবনা। ৩১ আগস্ট
আড়িয়াল খাঁ নদে নৌকা নিয়ে মাছ শিকারের জন্য জাল পাতছেন এক নারী ও শিশু। মাছ বিক্রি করেই চলে তাঁদের জীবন। তালতলী, বরিশাল সদর। ৩১ আগস্ট
আঁশ ছাড়ানো বাঁশকোড়ল। রাঙামাটি শহরের বনরুপায় বিক্রি হচ্ছে কেজি ৬০ থেকে ৭০ টাকা। পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের কাছে বেশ জনপ্রিয় সবজি বাঁশকোড়ল। মৌসুম শেষ হয়ে আসছে, তাই দাম চড়া। ৩১ আগস্ট
যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় হাসনাপাড়া স্পার বাঁধে ভাঙন দেখা দিয়েছে। হাসনাপাড়া স্পার, সারিয়াকান্দি, বগুড়া। ৩১ আগস্ট
পাহাড়ে জুমের মরিচ। বৃষ্টিতে মরিচের খেত নষ্ট হয়ে যাওয়ায় মরিচের দাম এখন বাড়তি। প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। রাঙামাটি শহরের বনরুপা বাজার, ৩১ আগস্ট
খেত থেকে আখ কেটে বিক্রি করতে বাজারে নিয়ে যাচ্ছেন এক কৃষক। বদরপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর। ৩১ আগস্ট