একঝলক ( ১২ জুন ২০২৪)

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখী মানুষ। তবে ঠিক সময়ে ট্রেন না আসায় অনেকেই প্ল্যাটফর্মে বসে সময় পার করছেন। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ১২ জুন
 ছবি: আশরাফুল আলম
মাংস কাটার জন্য গাছের গুঁড়ির প্রয়োজন হয়। তেঁতুল গাছের গুঁড়ি সবচেয়ে ভালো। স্থানীয়ভাবে মাংস কাটার গুঁড়ি খাইট্টা নামে পরিচিত। কোরবানির মৌসুমে খাইট্টার চাহিদা বেড়ে যায়। তাই গাছ কেটে খাইট্টা তৈরি করছেন এক ব্যবসায়ী। পৈলানপুর, পাবনা, ১২ জুন
খাবার নিয়ে ব্যস্ত বোলতা। বানরগাতী, খুলনা, ১২ জুন
নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী একটি ট্রাক মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গরুর মালিক ও চালকের সহকারী মারা যান। পাশাপাশি ঘটনাস্থলে দুটি গরু মারা যায়। এ ছাড়া ১২টি গরুর পা ভেঙেছে। ইলিয়টগঞ্জ (ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক), দাউদকান্দি, কুমিল্লা, ১২ জুন
সামনেই পবিত্র ঈদুল আজহা। তাই অনেকেই পুরোনো দা, বঁটি, ছুরি ঠিকঠাক করে নিচ্ছেন। ব্যস্ত সময় পার করতে হচ্ছে কামারদের। মুজগুন্নী-বাস্তুহারা কেসিসি মার্কেট, খুলনা, ১২ জুন
পাবনার চরাঞ্চলসহ বেলে মাটিতে বাদামের চাষ বেশ ভালো হয়। মাঠ থেকে কাঁচা বাদাম তুলে ঘোড়ার গাড়িতে বাড়ি নেওয়া হচ্ছে। আতাইকুলা (ঢাকা-পাবনা মহাসড়ক) পাবনা, ১২ জুন
সারা বছর মসলার চাহিদা থাকলেও পবিত্র ঈদুল আজহার সময় চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। নগরের চকবাজার পাইকারি মসলার দোকানগুলোয় বেচাকেনার ধুম লেগেছে। চকবাজার, কুমিল্লা, ১২ জুন
খেত থেকে তিলগাছ তুলে এনে জাগ দিয়ে (স্তূপ করে) রাখা হয়েছিল। এখন তা রোদে শুকাতে দিচ্ছেন গৃহবধূ রোকেয়া বেগম। দয়ারামপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ১২ জুন
মৌসুমি ফল জাম সড়কে ঘুরে বিক্রি করেন ভ্রাম্যমাণ বিক্রেতা আনোয়ার হোসেন। প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি করছেন। মনোহরপুর এলাকা, কুমিল্লা, ১২ জুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিশ্বানি বাজারে বসেছে গরুর হাট। হাটে গরু আনা-নেওয়ার জন্য সড়ক দখল করে রেখেছে ছোট-বড় শত শত ট্রাক। এতে যানজটের সৃষ্টি হয়েছে মহাসড়কে। মিশ্বানি বাজার (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক), চৌদ্দগ্রাম, কুমিল্লা, ১২ জুন
মৌসুমি ফল বিক্রেতা আমির হোসেন বাড়তি উপার্জন করতে পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন রকম মসলার পসরা সাজিয়ে বসেছেন। প্রয়োজন অনুযায়ী ক্রেতারা সেসব মসলা কিনছেন। এক নম্বর রেলগেট এলাকা, নারায়ণগঞ্জ, ১২ জুন
পাবনায় কোরবানির পশুর হাটগুলোতে গরুর পাশাপাশি মহিষের আমদানিও ছিল চোখে পড়ার মতো। ঢাকার হাটে নেওয়ার জন্য মহিষের গায়ে নম্বর দিয়ে দিচ্ছেন ব্যাপারীরা। অরণকোলা গরুর হাট, ঈশ্বরদী, পাবনা, ১২ জুন
সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে, তবু তোশক ও বালিশ বিক্রি করতে বেরিয়েছেন এই ক্ষুদ্র ব্যবসায়ীরা। ময়নাকুঠি এলাকা, রংপুর, ১২ জুন
রোদের দেখা নেই, তবুও ঘনঘন নাড়াচাড়া করে চাতালের ধান শুকানোর চেষ্টা করছেন শ্রমিকেরা। মাহিগঞ্জ, রংপুর, ১২ জুন
গবাদিপশুর খাদ্য হিসেবে শুকনা খড়ের চাহিদা বেশি। তাই গ্রাম থেকে শুকনা খড় বিক্রি করতে শহরে যাচ্ছেন এই ব্যবসায়ীরা। বড়দরগা এলাকা, পীরগাছা, রংপুর, ১২ জুন
বোরো ধান কাটা শেষের পথে। শেষ মুহূর্তে কেটে ধানের ভার নিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা। ফতা, পীরগাছা, রংপুর ১২ জুন
নিজের চাষের কচু তুলে সাপ্তাহিক হাটে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন কৃষক মাজেদ মোল্লা। বদরপুর, কৈজুরী, ফরিদপুর, ১২ জুন
উন্মুক্ত নালা ও খালগুলোতে মাঝেমধ্যেই মৃত্যুর ঘটনা ঘটে। তবুও অধিকাংশ খালের পাশে নেই নিরাপত্তাবেষ্টনী। রাজাখালী খাল, চট্টগ্রাম, ১২ জুন
দেশের উত্তরাঞ্চলে মহাস্থানের কোরবানির পশুর হাট বেশ বিখ্যাত। কিন্তু পবিত্র ঈদুল আজহার দিন ঘনিয়ে এলেও এবার হাটে কোরবানির পশু বেচাকেনা জমে ওঠেনি বলে জানান পশু ব্যবসায়ীরা। মহাস্থান হাট, শিবগঞ্জ, বগুড়া, ১২ জুন
জমে উঠেছে কোরবানির পশুর হাট। সিটি হাট, রাজশাহী, ১২ জুন
আমদানি করা আদা ট্রাক থেকে খালাস করছেন শ্রমিকেরা। বগুড়া শহরের পাইকারি বাজারে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়। মুক্তির ফুলবাড়ি এলাকা, বগুড়া, ১২ জুন