একঝলক (২৭ ফেব্রুয়ারি, ২০২৩)

ফরিদপুরে এ বছর কৃষকেরা ব্যাপক হারে বীজ পেঁয়াজের আবাদ করেছেন। ইতিমধ্যে ফলনের সম্ভাবনা বেশ ভালো দেখা যাচ্ছে। কিন্তু মৌমাছির দেখা না পাওয়ায় প্রাকৃতিকভাবে পরাগায়ন হচ্ছে না। তাই কৃষকেরাই হাতের সাহায্যে পরাগায়নের কাজ সেরে নিচ্ছেন। পূর্ব ভাষানচর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৭ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
সূর্যমুখী ফুলের সঙ্গে ছবি তুলতে অনেকেই আসেন এখানে। ফুলবাগানে প্রবেশ করে ফুলের সঙ্গে ছবি তুলতে জনপ্রতি নেওয়া হয় ২০ টাকা। এতে বাগানের রক্ষণাবেক্ষণ ব্যয় সামাল হয় কৃষকের। ছোট বয়রা, খুলনা, ২৭ ফেব্রুয়ারি
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজে শিক্ষার্থীরা নানা পেশায় ও নানা সাজে সেজে অভিনয় করছে। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠ, ময়মনসিংহ, ২৭ ফেব্রুয়ারি
খাদ্য অধিদপ্তরের উদ্যোগে প্রতি কেজি ৩০ টাকা দরে প্রতি জনের কাছে ৫ কেজি করে খোলাবাজারে চাল বিক্রি করা হচ্ছে। সে চাল কিনতে ভিড় পড়েছে সাধারণ মানুষের। বৈকালী, খুলনা, ২৭ ফেব্রুয়ারি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশাহারা নিম্ন আয়ের মানুষেরা। সরকারি সুলভ মূল্যে চাল-আটা সংগ্রহ করতে রাত থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন তাঁরা। চাহিদার তুলনায় পণ্য কম থাকায় অনেককে বাড়ি ফিরতে হয় খালি হাতে। শোভারামপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৭ ফেব্রুয়ারি
হাওরের জলাশয়ে বাঁশের খুঁটিতে মাছ শিকারের অপেক্ষায় ওত পেতে আছে পানকৌড়ি পাখিরা। ইটনার মৃগা এলাকা, কিশোরগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি
বাঁশের চালি নামাচ্ছেন বাহক। কাপ্তাই হ্রদের পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে। তাই ব্যবসায়ীরা তোড়জোড় শুরু করেছেন বাঁশ নামাতে। একেকটি চালিতে কয়েক লাখ বাঁশ বহন করা হয়। মুলি, ডলু ও মিটিঙ্গা বাঁশের চাহিদা রয়েছে বেশ। এসব বাঁশ দেশের কাগজ কলে কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য নেওয়া হচ্ছে। প্রাকৃতিক বন এবং ব্যক্তিমালিকানা থেকে এসব বাঁশ সংগ্রহ করা হয়। কাট্টলি এলাকা, লংগদু উপজেলা, রাঙামাটি, ২৭ ফেব্রুয়ারি
দিগন্তজোড়া সবুজের মধ্য দিয়ে চলে গেছে প্রত্যন্ত হাওরের ডুবো সড়ক। সেখান দিয়ে ঘোড়ার পিঠে করে ঘাসের বস্তা নিয়ে যাচ্ছেন দুজন। ইটনার বড় হাওর এলাকা, কিশোরগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি
কাপ্তাই হ্রদে কচুরিপানার ঝাঁকে মাছ শিকারে নেমেছেন স্থানীয় লোকজন। শুকনা মৌসুমে হ্রদের পানি শুকিয়ে গেলে আশপাশের মানুষেরা এভাবে মাছ শিকার করে থাকেন। রাঙাদ্বীপ রিসোর্ট এলাকা, রাঙামাটি, ২৭ ফেব্রুয়ারি
খিরাখেতে জোয়ার এসেছে। বেছে বেছে খিরা তুলছেন শেফালী বেগম। মেঘাগাছা গ্রাম, বগুড়া সদর, ২৭ ফেব্রুয়ারি
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের উরদীঘি গ্রামে চলছে গ্রামীণ ‘বান্নি মেলা’। রোববার থেকে পুরোদমে জমে উঠেছে মেলা। তিন দিনের এ মেলা ঘিরে এলাকায় এখন উৎসবের আমেজ। ২৬ ফেব্রুয়ারি
রেলপথে ভারত থেকে আমদানি করা তেল, পাথর ও অন্যান্য মালামাল পরিবহনকারী মালগাড়ির বগিগুলো রাখা হয় ঈশ্বরদী রেলওয়ে জংশনে। এরপর তা খালাশ করে পাঠানো হয় বিভিন্ন স্থানে। রেলওয়ে জংশন, ঈশ্বরদী, পাবনা, ২৭ ফেব্রুয়ারি
সিলেট অঞ্চলের অন্যতম নদী কুশিয়ারা। সিলেটের কয়েকটি উপজেলা দিয়ে প্রবাহিত এ নদীর বিভিন্ন স্থানে শুকনা মৌসুমে জেগে ওঠে বিশাল চর। এমন একটি চরে ফুটবল নিয়ে খেলায় মেতেছে একদল শিশু-কিশোর। আকাখাজানা এলাকা, বিয়ানীবাজার উপজেলা, সিলেট, ২৬ ফেব্রুয়ারি
ভ্যান নিয়ে ঘুরে নানা ধরনের ভাঙারি জিনিসপত্র কিনে বেড়ান তাঁরা। সকালে বের হয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ভ্যান চালিয়ে গন্তব্যে যাচ্ছেন। চালকের সঙ্গে থাকা শিশুটি মুখোশ পরে বসে আছে। কর্নকাঠী, চরকাউয়া ইউনিয়ন, বরিশাল, ২৭ ফেব্রুয়ারি
কুমিল্লার গোমতী নদীতে এখন কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি। এই নদীতে আজ সোমবার দুপুরে একদল শৌখিন মাছশিকারি পলো দিয়ে মাছ শিকারে নেমে পড়েছেন। ধরা পড়ছে নানা ধরনের দেশি মাছ। টিক্কারচর এলাকা, কুমিল্লা, ২৭ ফেব্রুয়ারি
সকালের মিষ্টি রোদে প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে শিশুশিক্ষার্থীরা। বুড়িরহাট, রংপুর, ২৭ ফেব্রুয়ারি
আলুর লতা তুলছেন নারী কৃষিশ্রমিকেরা। লতা তুলে ফেলার কয়েক দিনের মধ্যে আলু তোলা হবে। কোবারু এলাকা, রংপুর, ২৭ ফেব্রুয়ারি
মায়ের কোলে চড়েই স্কুলে যাচ্ছে শিশুটি। বাহাদুরসিং এলাকা, রংপুর, ২৭ ফেব্রুয়ারি